ইউক্রেনের পক্ষে যুদ্ধ অংশ নিলেন ভারতীয় তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের আধা সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন সাইনিকেশ রবিচন্দ্র
ছবি: ভিডিও থেকে

রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন থেকে অনেক প্রবাসী ফিরে যাচ্ছেন নিজ দেশে। দেশটিতে আটকা পড়েছেন হাজারো ভারতীয় শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের অধিকাংশই ইউক্রেন থেকে ভারতে ফিরতে চাইছেন। কিন্তু উল্টো ঘটনা ঘটেছে সাইনিকেশ রবিচন্দ্রের ক্ষেত্রে। ২১ বছর বয়সী এই তরুণ যোগ দিয়েছেন ইউক্রেনের আধা সামরিক বাহিনীতে।

বিবিসির খবরে বলা হয়েছে, সাইনিকেশের বাড়ি ভারতের তামিলনাড়ু রাজ্যে। ২০১৮ সালে তিনি ইউক্রেনে অ্যারোস্পেস প্রকৌশল পড়তে যান। রুশ হামলার শুরুতে পরিবার তাঁকে ভারতে ফিরে আসতে বলেছিল। কিন্তু তিনি ফেরেননি।

ভারতের গোয়েন্দা সংস্থার মাধ্যমে সাইনিকেশের ইউক্রেনীয় আধা সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার খবরটি পেয়েছেন তাঁর মা-বাবা। এ নিয়ে তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে সাইনিকেশের এক স্বজন বিবিসি তামিল সার্ভিসকে জানিয়েছেন, তিনি সব সময় সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু শারীরিক উচ্চতার কারণে ভারতের সেনাবাহিনীতে যোগ দিতে পারেননি সাইনিকেশ।

সাইনিকেশের এক স্বজন বলেন, ‘ভারতীয় বাহিনী এখনো তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। আমরা এখন সবাই চাই, সাইনিকেশ নিরাপদে বাড়িতে ফিরে আসুক।’

এদিকে ইন্ডিয়া ডটকমের খবরে বলা হয়েছে, সেনাবাহিনীতে যোগ দিতে দুইবার চেষ্টা করেছিলেন সাইনিকেশ রবিচন্দ্র। উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর তিনি ভারতীয় বাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করেন। এই চেষ্টায় ব্যর্থ হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করেন। এ জন্য চেন্নাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটেও যোগাযোগ করেন তিনি। এতেও ব্যর্থ হলে তিনি ইউক্রেনে পড়তে যান।

সাইনিকেশ ইউক্রেনের খারকিভের ন্যাশনাল অ্যারোস্পেস ইউনিভার্সিটির শিক্ষার্থী। টাইমস অব ইন্ডিয়াকে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাইনিকেশ পাঁচ বছরের কোর্স করতে ইউক্রেনে গেছেন। চলতি বছরের জুলাইয়ে তাঁর কোর্স শেষ হওয়ার কথা।

২০২১ সালের জুলাইয়ে ভারতে এসেছিলেন সাইনিকেশ। প্রায় দেড় মাস দেশে ছিলেন তিনি। কিন্তু ইউক্রেনে রুশ হামলা শুরু হলে বাবা-মায়ের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়।