ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের জোট সরকার ভেঙে যাওয়ার পর গতকাল বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আরসেন ইয়ােসনইয়ুক।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জ্বালানি খাতের শোচনীয় অবস্থা ও সেনা খাতের ব্যয় বৃদ্ধির কারণে পদত্যাগ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ইউক্রেন-সংকট আরও ঘনীভূত হলো।

ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে মালয়েশিয়ার উড়োজাহাজ ভূপাতিত হওয়ার স্থানে আন্তর্জাতিক তদন্ত চলছে। দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগের পর তদন্তকাজেও বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।

১৭ জুলাই মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ১৭ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। বিমানটি রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে ভূপাতিত হয়। এতে ২৯৮ আরোহীর সবাই নিহত হন।

ইউক্রেনের অভিযোগ, ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে রাশিয়ার দাবি, ইউক্রেনের সেনাবাহিনী এ কাজ করেছে। এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশীয় উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার স্থানের কাছে আবার সরকারি বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের তুমুল লড়াই শুরু হয়েছে। মালয়েশিয়ান এয়ারলাইনসের উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর তাত্ক্ষণিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল উভয় পক্ষ।

ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় তাদের চারজন সেনাকে হত্যা করেছে বিচ্ছিন্নবাদীরা। ‘রাশিয়ার দিক থেকে’ রকেট হামলা চালানো হয়েছে। এসব রকেট লুগানস্ক বিমানবন্দরের আশপাশের এলাকা ও দোনেত্স্ক অঞ্চলে আঘাত হেনেছে। তা ছাড়া দোনেেস্কর আভদিকা এলাকায়ও গোলাবর্ষণ করা হয়েছে।