ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা অস্ত্র পায় কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের দ্যানেত্স্ক অঞ্চলে যেখানে মালয়েশিয়ার বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে এক সাংবাদিককে দেখে হাত তুলে ইশারা করেন রাশিয়াপন্থী এক বিচ্ছিন্নতাবাদী। ছবিটি ২১ জুলাই তোলা
ইউক্রেনের দ্যানেত্স্ক অঞ্চলে যেখানে মালয়েশিয়ার বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে এক সাংবাদিককে দেখে হাত তুলে ইশারা করেন রাশিয়াপন্থী এক বিচ্ছিন্নতাবাদী। ছবিটি ২১ জুলাই তোলা

মে মাসের শেষ দিন। মস্কোর কাছে সেনাঘাঁটিতে ২০ বছর ধরে পড়ে থাকা মাটি থেকে শূন্যে নিক্ষেপণযোগ্য একটি রকেট বের করে আনা হয়। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ওই অস্ত্রের বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লগবুক থেকে জানা যায়, বহনযোগ্য এ রকেটটি ইগলা রকেট লঞ্চারে ব্যবহার করা হবে। রকেটটির গন্তব্য ছিল ইউক্রেন থেকে ৫০ কিলোমিটার দূরে রাশিয়ার রসতোভ ঘাঁটি। মার্কিন কর্মকর্তাদের ধারণা, সেখানে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

অথচ তিন সপ্তাহ পর রকেট ও এর লগবুকটি ইউক্রেনের পূর্বাঞ্চলে দেখা যায়; যা ইউক্রেনের সেনারা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে জব্দ করে। ২০ পাতার ওই লগবুকে দেখা যায়, ০৩১৮১ নম্বরধারী এই রকেটি ১৯৯৩ সালের ২১ মে রুশ সেনাবাহিনীর অস্ত্রাগারে যোগ করা হয়। ২০০৫ সাল পর্যন্ত নিয়মিত পরীক্ষার এটাকে মাধ্যমে করে সচল রাখা হতো। রসতোভে পাঠানো এ অস্ত্রের কাগজপত্রে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিলমোহর রয়েছে।

এই লগবুকের একটি কপি আবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক কূটনীতিকের কাছে পাঠানো হয়। এর সঙ্গে রুশ সেনাবাহিনীর যোগসূত্রেরে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়।

মস্কো বরাবরই ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টি নাকচ করে আসছে।

রাশিয়া থেকে ইউক্রেনে অস্ত্র পাঠানো হচ্ছে—এরই ইঙ্গিত বহন করে ইগলা ও এর লগবুকটি। মার্কিন কর্মকর্তা, কিয়েভের কূটনীতিক ও রুশ সেনাবাহিনীর বিশ্লেষকদের কাছ থেকে সাক্ষাত্কারে পাওয়া তথ্যে নিয়মিত অস্ত্র যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। তাঁরা জানান, ছোট ছোট অস্ত্র থেকে শুরু করে কর্মীদের বহনকারী সাঁজোয়া যান,  ট্যাংক, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রপদ্ধতি নিয়মিত এ অঞ্চলে এসেছে, যা গত মে মাস থেকে শুরু হওয়া সহিংসতায় আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে।

৮ জুলাই ইউক্রেনের সরকার বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত স্লাভিনাস্ক দখল করে নেয়। সেখান থেকে প্রচুর অস্ত্র জব্দ করে ইউক্রেন। ছবি: রয়টার্স
৮ জুলাই ইউক্রেনের সরকার বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত স্লাভিনাস্ক দখল করে নেয়। সেখান থেকে প্রচুর অস্ত্র জব্দ করে ইউক্রেন। ছবি: রয়টার্স

গত সপ্তাহে রয়টার্সের নেওয়া এক সাক্ষাত্কারে বিচ্ছিন্নতাবাদীদের এক নেতা বলেন, রাশিয়াই বিচ্ছিন্নতাবাদীদের বিইউকে রকেটসহ অন্যান্য অস্ত্র সরবরাহ করে থাকতে পারে, যা দিয়ে মালয়েশিয়ার বিমানটি ভূপাতিত করা হয়েছিল। 

ভোস্তক ব্যাটালিয়নের কমান্ডার আলেকসান্দর খোদাকোভস্কি বলেন, ‘আমি জানি ইউক্রেনের পূর্বাঞ্চল লুহানস্ক থেকে একটি বিইউকে রকেট এসেছে। আমার মনে হয়, এগুলো ফেরত পাঠানো হয়েছে। কেননা মালয়েশিয়ান বিমান হামলার সময় সেখানে এই রকেটটি দেখেছি। সম্ভবত প্রমাণ না রাখতে এটি ফেরত পাঠানো হয়।’ 

যুক্তরাষ্ট্রের তিনজন কর্মকর্তা জানান, ইউক্রেনের সরকার বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত স্লাভিনাস্ক দখল করে নেওয়ার পর থেকে গত কয়েক সপ্তাহে রাশিয়া থেকে বিচ্ছিন্নতাবাদীদের কাছে অস্ত্রের জোগান বেড়েছে।

তবে মস্কো মালয়েশিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে আন্তর্জাতিক তদন্ত দলগুলোকে সহযোগিতার আশ্বাস দিলেও ইউক্রেনের বিদ্রোহীদের কাছে বিইউকে ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়টি নাকচ করেছে। মস্কো উল্টো অভিযোগ করেছে, ইউক্রেনের এই ঘটনাকে কেন্দ্র করে রাশিয়াকে অস্থিতিশীল করতে চায় যুক্তরাষ্ট্র।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ বলেন, মস্কো আশা করে ইউরোপ থেকে আসা তদন্ত দল ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সীমান্তে ঘুরে দেখবে। এতে বিদ্রোহীদের সহায়তা করে বলে রাশিয়াকে নিয়ে সন্দেহ দূর হবে।

তবে রুশপন্থী বিদ্রোহীদের দাবি, তারা বেশির ভাগ অস্ত্র ইউক্রেনের অস্ত্রাগার বা সেনাসদস্যদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে।

কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের এমন দাবি সবাই বিশ্বাস করছে না। একজন কূটনীতিক বলেন, গত মে মাসে ক্রিমিয়ায় নির্বাচনের সময় থেকে এ অস্ত্র আসতে শুরু করে। গত কয়েক সপ্তাহে এর পরিমাণ আরও বেড়েছে। এসব যন্ত্রের মধ্যে টি৬৪ ট্যাংকও রয়েছে, যা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বাতিল করে দেওয়া অস্ত্রের একটি।

রাশিয়ার সামরিক বিশ্লেষক আলেকসান্দর গোলস্তস বলেন, বিদ্রোহীরা রাশিয়ার কাছ থেকেই এ অস্ত্র পায়। তবে এগুলো সোভিয়েত রাশিয়ার পুরোনো অস্ত্র।

ইউক্রেনের বিদ্রোহীদের অস্ত্রের জোগানদাতা হিসেবে রাশিয়াকে জোরালোভাবে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্রের। একজন জ্যেষ্ঠ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেন, মালয়েশিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পর অন্তত ২০টি ট্যাংক ও সশস্ত্র সেনাদের বহনকারী গাড়ি রাশিয়া থেকে ইউক্রেন সীমান্ত পার হয়েছে।

মালয়েশীয় বিমানটি বিধ্বস্ত হওয়ার অনেক আগেই রাশিয়া ইউক্রেনের বিদ্রোহীদের কাছে ভারী অস্ত্র সরবরাহ করছে বলে মার্কিন গোয়েন্দারা কয়েক দফায় সতর্ক করেছিল।