ইউক্রেনের বিদ্রোহীরা স্বাধীনতার দাবি ছাড়বে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পার্লামেন্ট পূর্বাঞ্চলে স্বশাসনের উদ্যোগ অনুমোদন করলেও দেশটির রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা স্বাধীনতার দাবি ছাড়বে না। বিদ্রোহীদের জ্যেষ্ঠ নেতা আন্দ্রেই পার্গিন এ কথা জানিয়েছেন। খবর বিবিসি ও এএফপির।
স্বঘোষিত দেশ গণপ্রজাতন্ত্রী দোনেৎস্কের উপপ্রধানমন্ত্রী পার্গিন বিবিসিকে বলেন, ইউক্রেনের সঙ্গে কোনো রাজনৈতিক, যুক্তরাষ্ট্রীয় বা অন্য ধরনের সম্পর্ক গড়ার পরিকল্পনা তাঁদের নেই। তবে রাশিয়াপন্থী বিদ্রোহীদের দায়মুক্তি এবং পূর্বাঞ্চলে স্বশাসন প্রতিষ্ঠার অনুমোদনের ব্যাপারে আইনপ্রণেতারা যেসব উদ্যোগ নিয়েছেন, সেগুলো ‘ইতিবাচক’। বিদ্রোহীদের আর ‘সন্ত্রাসী’ বলা হচ্ছে না। বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠারও অধিকার দেওয়া হয়েছে।
বিদ্রোহীনিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরের কাছে ভারী গোলার আঘাতে গতকাল বুধবার দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।