ইউক্রেনের মাকারিভে ১৩২ জনের মরদেহ উদ্ধার
ইউক্রেনের কিয়েভ অঞ্চলের মাকারিভ নামক একটি গ্রাম থেকে ১৩২ জনের মরদেহ উদ্ধার হওয়ার খবর জানিয়েছে বিবিসি। খবরে দাবি করা হয়, রাশিয়ার সেনাদের গুলিতে তারা নিহত হয়েছে। টেলিভিশনের মাধ্যমে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য তহবিল সংগ্রহের সময় মাকারিভে গ্রামপ্রধান ভাদিম তোকার তাঁর গ্রামে এসব মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন।
ইউক্রেনের প্রাভাদা ওয়েবসাইটের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ৩০ মাইল দূরের মাকারিভ থেকে ১৩২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মেয়র ভাদিম তোকারকে উদ্ধৃত করে তাতে বলা হয়, উদ্ধার হওয়া এসব মরদেহের বেশির ভাগই গণকবর দেওয়া হয়েছিল।
ভাদিম তোকার বলেন, ‘আমরা আমাদের গ্রামে তাদের (রাশিয়ার সেনাদের) নৃশংসতা দেখেছি। গতকাল পর্যন্ত আমরা ১৩২ জন বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করেছি। রাশিয়ার দানবেরা (রুশ সেনারা) এসব বেসামরিক মানুষকে গুলি করে হত্যা করেছেন। আমি তো তাদের (রাশিয়ার সেনা) মানুষ বলতে পারব না।’ তিনি আরও বলেন, রুশ বাহিনী মাকারিভে বোমা হামলা করেছে। হামলায় একটি হাসপাতাল, একাধিক কিন্ডারগার্টেন ও প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
গ্রামপ্রধান তথা মেয়র ভাদিম তোকার বলেন, ‘বিদ্যুৎ, পানি ও গ্যাস ছাড়াই কোনোমতে আমাদের দিন যাপন করতে হচ্ছে। এক মাসেরও বেশি সময় ধরে গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আমরা গ্রাম থেকে কারও সঙ্গে যোগাযোগও করতে পারছিলাম না। কয়েক দিন আগেই যোগাযোগব্যবস্থা আবার চালু হয়েছে।’
ভাদিম তোকারের দাবি অনুযায়ী, রুশ বাহিনীর হামলায় মাকারিভের প্রায় ৪০ শতাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, মাকারিভে প্রায় ১৫ হাজার মানুষের বাস। তবে রাশিয়ার হামলা শুরুর পর মানুষজন গ্রাম ছেড়ে পালাতে শুরু করে। গ্রামটিতে এখন এক হাজারের কম মানুষ আছে বলে জানিয়েছেন তিনি।