ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মার্কিন নাগরিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন এক মার্কিন নাগরিক
ছবি: টুইটার থেকে সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সাধারণ সেনাদের পাশাপাশি অস্ত্র ধরেছেন দেশটির বেসামরিক লোকজন। বাদ যাননি বিদেশি নাগরিকেরাও। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত নানা ভিডিওতে এর প্রমাণ মিলেছে। এসব ভিডিওতে যুদ্ধের ময়দানে দেখা গেছে মার্কিন নাগরিকদের। খবর দ্য গার্ডিয়ানের।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার টুইটারে দুটি ভিডিও প্রকাশ করা হয়। এর একটিতে বিধ্বস্ত একটি সামরিক যানের সামনে এক মার্কিন নাগরিককে দেখা যায়। ওই যানটি রাশিয়ার ট্যাংক বলে উল্লেখ করেন তিনি। এ সময় আশপাশে থাকা ইউক্রেনীয়দের ‘আমেরিকায় স্বাগতম’ বলে উল্লাস করতে শোনা যায়। তাঁদের সঙ্গে গলা মেলান ওই মার্কিনও।

অপর একটি ভিডিওতে একটি গ্রামের রাস্তার ধারে দেয়ালের পেছনে সেনাসদস্যদের অবস্থান নিতে দেখা যায়। ভিডিওটি ধারণকারী যোদ্ধাকে মার্কিন উচ্চারণে বলতে শোনা যায়, তাঁরা রাশিয়ার দখল থেকে গ্রামটি মুক্ত করেছেন।

প্রথম ভিডিওটি ধারণ করেছেন জেমস ভাসকুয়েজ নামের মার্কিন সেনাবাহিনীর সাবেক এক সদস্য। তাঁর টুইটার অ্যাকাউন্টে দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ মার্চ যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ডে পৌঁছান তিনি। পরদিন সীমান্ত পেরিয়ে ইউক্রেনে প্রবেশ করেন। নজরদারির কাজে ব্যবহার করা একাধিক ড্রোন সঙ্গে এনেছেন ভাসকুয়েজ। ১৮ মার্চ ইউক্রেনের লিভিভ শহর থেকে তাঁকে সম্মুখযুদ্ধের জন্য পাঠানো হয়।

ইউক্রেনে যুদ্ধের নানা বর্ণনা দিয়েছেন জেমস ভাসকুয়েজ। তিনি বলেন, দেশটিতে বিভিন্ন তল্লাশিচৌকিতে তাঁকে মার্কিন পাসপোর্ট দেখাতে হয়েছে। এ সময় তিনি মার্কিন নাগরিক জেনে অবাক হন ইউক্রেনের সেনারা।

টুইটারে ভাসকুয়েজ লেখেন, ‘আমার অনেকটা মনে হয়, আমি একটি চমৎকার ও খুবই বিপজ্জনক ছুটি কাটাচ্ছি।’

এদিকে ইউক্রেনে যুদ্ধের ময়দানে রয়েছেন যুক্তরাজ্যের নাগরিকেরাও। তাঁদের একজন শেন ম্যাথিউস। যুক্তরাজ্য থেকে ইউক্রেনীয় এক বন্ধুর সঙ্গে যুদ্ধ করতে এসেছেন সাবেক এই সেনাসদস্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, এই মুহূর্তে তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমে ইরপিন শহরে অবস্থান করছেন।
ইউক্রেনে স্নাইপার চালনার পাশাপাশি একজন চিকিত্সক হিসেবেও কাজ করছেন শেন ম্যাথিউস। তিনি বলেন, ইরপিনে অনেক বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে একটি পরিবারও। গোলার আঘাতে ওই পরিবারের চার সদস্যেরই প্রাণহানি হয়েছে।