ইউক্রেনের রেলস্টেশনে রকেট হামলায় শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৪০
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্কের একটি রেলস্টেশনে রকেট হামলায় নিহতের সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে রেলস্টেশনটি ব্যবহার করা হচ্ছিল বলে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে। হামলার জন্য রাশিয়াকে অভিযুক্ত করা হলেও দেশটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। এ হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র।
আজ শুক্রবার হামলার পর ঘটনাস্থল থেকে এএফপির সাংবাদিক জানান, স্টেশনের পাশে মাটিতে প্লাস্টিক শিট দিয়ে ঢেকে রাখা ২০টি সারিবদ্ধ মরদেহ দেখেছেন তিনি। পরে সামরিক যানে মরদেহগুলো তুলে নেওয়া হয়।
সিটি মেয়র আলেকসান্দের হনশারেঙ্কো বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে হামলার ঘটনাটি ঘটে। তখন স্টেশনটিতে অন্তত চার হাজার মানুষ ছিলেন।’ তিনি আরও বলেন, তিনি পুরোপুরি নিশ্চিত যে এটি একটি রাশিয়ান রকেট ছিল এবং রকেটটি যে স্টেশনে আঘাত করেছিল, তার আশপাশে কোনো ইউক্রেনীয় সামরিক লক্ষ্য ছিল না।
তবে রেলস্টেশনটি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল কি না বা হামলার জন্য কে দায়ী, তা এখনো স্পষ্ট নয়।
হামলায় স্টেশনের পাশে রাখা চারটি গাড়ি বিধ্বস্ত হয়েছে। স্টেশনের মূল ভবনের কাছে পড়ে থাকা বড় একটি রকেটের অবশিষ্টাংশে লেখা ছিল ‘রাশিয়ায় আমাদের শিশুদের জন্য’।
এর আগে ইউক্রেনের রেলওয়ে কোম্পানির প্রধান আলেকসান্দার কামিশিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, দুটি রকেট স্টেশনে আঘাত হেনেছে। হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন।
এই সপ্তাহের শুরুর দিকেও ক্রামাতোরস্কে রুশ হামলার ঘটনা ঘটে। তবে রাশিয়ার আগ্রাসনে পূর্বাঞ্চলীয় অন্যান্য শহর যে ধ্বংসযজ্ঞ দেখেছে, এর থেকে অনেকটাই রেহাই পেয়েছিল এই শহর। রুশ হামলার আশঙ্কায় পূর্বাঞ্চলের বাসিন্দাদের আগে থেকেই পশ্চিম দিকে গিয়ে আশ্রয় নিতে সতর্ক করেছে ইউক্রেন কর্তৃপক্ষ।
বিবিসি বলছে, ইউক্রেনের একেবারে পূর্বাঞ্চলে এখনো চালু থাকা স্টেশনগুলোর একটি ক্রামাতোরস্ক স্টেশন। দোনেৎস্কের গভর্নর বলেছেন, হামলার সময় হাজারো মানুষ সেখানে ছিলেন। ওই এলাকা থেকে সরে যেতে তাঁরা ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন।
রেলস্টেশনে হামলা চালানোর কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রেলস্টেশনে রাশিয়া হামলা চালিয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তা ‘উসকানিমূলক’ ও ‘সম্পূর্ণ অসত্য’। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি অস্বীকার করে আসছে মস্কো।
এদিকে রেলস্টেশনে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ইইউ ও যুক্তরাষ্ট্র বলছে, এটি ‘ভয়াবহ’ হামলা।
ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন, এ অঞ্চল থেকে বেসামরিক লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজে ব্যবহৃত হতো স্টেশনটি। সেখানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি ‘ভয়ানক’।
ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল গতকাল সকালের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে ‘এই অন্যায় যুদ্ধ থেকে পালিয়ে আসা ব্যক্তিদের জন্য পালানোর পথ বন্ধ করার আরেকটি প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে হামলার ‘ভয়াবহ এবং বিধ্বংসী চিত্র’-এর নিন্দা করেছেন।