ইউক্রেনের শরণার্থীদের বিষয়ে যুক্তরাজ্যের অবস্থান ‘লজ্জাজনক’
ইউক্রেনে রুশ বাহিনী হামলা চালানোর পর প্রাণভয়ে লাখো মানুষ দেশ ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এমন মানবিক সংকটে পড়েনি। এ পরিস্থিতিতে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিভিন্নভাবে সহযোগিতা করছে।
কিন্তু দেশ ছেড়ে পালানো ইউক্রেনীয়দের কারণে ইউরোপে নতুন করে শরণার্থী সংকট তৈরি হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ এসব শরণার্থীকে নিজ দেশে প্রবেশের অনুমতি দিলেও ব্যতিক্রম যুক্তরাজ্য। এ কারণে নিজ দেশ ও ইউরোপীয় সহযোগীদের কঠোর সমালোচনার মুখে পড়েছে যুক্তরাজ্য সরকার।
এ পরিস্থিতিতে ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস যুক্তরাজ্যের শরণার্থী নীতিকে ‘লজ্জাজনক’ বলেছে। শরণার্থীবিষয়ক বেশ কিছু দাতব্য সংস্থাও যুক্তরাজ্য সরকারের পরিকল্পনাকে অস্বচ্ছ ও অপর্যাপ্ত বলে সমালোচনা করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্যদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন। খাকি পোশাক পরা জেলেনস্কির ওই বক্তব্যের প্রশংসা করেছেন যুক্তরাজ্যের রাজনীতিবিদেরা। জেলেনস্কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ইউক্রেনে যুক্তরাজ্যের সামরিক ও মানবিক সহায়তা চালু রাখারও অনুরোধ জানান।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর যুক্তরাজ্য দেশটিকে বিভিন্নভাবে সহায়তা করছে। এর মধ্যে রয়েছে জরুরি অস্ত্রসহায়তা, ট্যাংক–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানো। অপর দিকে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর মতো যুক্তরাজ্যও অর্থনৈতিক নিষেধাজ্ঞা করেছে। কিন্তু ইউরোপের অন্য দেশগুলো যেখানে ইউক্রেনের শরণার্থীদের অভিনন্দন জানিয়ে সাদরে গ্রহণ করছে, সেখানে যুক্তরাজ্য এখন পর্যন্ত শরণার্থীদের বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেয়নি।
উল্টো যুক্তরাজ্যে যাওয়ার জন্য যেসব বাস্তুচ্যুত ইউক্রেনীয় ভিসার জন্য আবেদন করেছেন, তাঁরা দীর্ঘ অপেক্ষা আর লালফিতার দৌরাত্ম্যের শিকার হচ্ছেন। যুক্তরাজ্যের ভিসার জন্য সীমাহীন দুর্ভোগ এখানেই শেষ নয়। ভিসা পেতে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। কখনো কখনো যুদ্ধবিধ্বস্ত দেশটির শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিংবা পার্শ্ববর্তী কোনো দেশের ভিসা সেন্টারে গিয়ে বায়োমেট্রিক আবেদন করছেন।
এ ধরনের হয়রানির পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন, আগামী মঙ্গলবার থেকে ইউক্রেনের পাসপোর্টধারীরা অলনাইনে আবেদন করতে পারবেন। কিন্তু ইতিমধ্যে যাঁদের আত্মীয়স্বজন যুক্তরাজ্যে অবস্থান করছেন, তাঁদের জন্য এ সুযোগ সীমিত। এর ফলে স্বজনদের সঙ্গে দেখা করতে যেতে চাইলেও ইউক্রেনীয়রা সহজেই সেখানে যেতে পারবেন না। গত ২৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইউক্রেনীয়দের হাজারখানেক ভিসা আবেদন গ্রহণ করেছে যুক্তরাজ্য।
অভিবাসী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের আইনি সহায়তা নিয়ে কাজ করেন আইনজীবী কলিন ইয়ো। তিনি বলেন, ইউক্রেনের বর্তমান পরিস্থিতিকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করা যায়। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর উচিত ভিসার জন্য প্রয়োজনীয় শর্তগুলো শিথিল করা। তিনি আরও বলেন, তবে এটা খুবই কঠিন যে যুক্তরাজ্য এমন পরিস্থিতিকে কেন আলাদাভাবে দেখছে।
রাশিয়ার হামলার কারণে ইতিমধ্যে ইউক্রেনের বড় বড় শহর থেকে অসংখ্য মানুষ পাশের দেশগুলোতে পালিয়ে গেছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্যমতে, এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন। সংস্থাটি আশঙ্কা করছে, রাশিয়া যদি বেসামরিক লোকজনের ওপর হামলা অব্যাহত রাখে, তাহলে এ সংখ্যা ৪০ লাখে পৌঁছাবে।
এমন প্রেক্ষাপটে ৩ মার্চ ইউরোপীয় ইউনিয়ন সর্বসম্মতভাবে সাময়িক একটি নির্দেশনা দিয়েছে। এতে ইইউভুক্ত দেশগুলোতে ইউক্রেনীয়দের জন্য কাজের অনুমতি, আবাসন ও চিকিৎসা–সুবিধার কথা বলা হয়েছে। আগামী এক থেকে তিন বছর পর্যন্ত ইউক্রেনের নাগরিকেরা এসব সুবিধা পাবেন।
যুদ্ধবিধ্বস্ত দেশটির নাগরিকদের জন্য যুক্তরাজ্যের অপ্রতুল সহায়তা ইউরোপের অন্য সহযোগীদের দৃষ্টি এড়ায়নি। গত শুক্রবার ইইউর বিশেষ সম্মেলনে যুক্তরাজ্যের এমন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
ওই সম্মেলনে মাখোঁ বলেন, বিভিন্ন বিষয়ে বিবৃতি দেওয়া সত্ত্বেও ব্রিটিশ সরকার শরণার্থী বিষয়ে প্রচলিত নিয়ম চালু রেখেছে। এতে বোঝা যায়, ব্রিটেনে যেতে চাওয়া ইউক্রেনীয়দের নিতে তেমন একটা আগ্রহী নন তাঁরা।
ব্রিটিশ সরকারের এমন কঠোর পদক্ষেপে ক্ষুব্ধ দেশটির সাধারণ নাগরিকেরাও। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, দেশটির জনগণের বড় একটি অংশ জরুরি ভিত্তিতে ইউক্রেনের নাগরিকদের দেশে ঢোকার অনুমতি দেওয়ার পক্ষে।
যুক্তরাজ্যের অ্যাসোসিয়েশন অব ইউক্রেনিয়ানসের সদস্য ইরিনা তেরেলেকি বলেছেন, যুক্তরাজ্যে ইউক্রেনীয়দের অনেকগুলো কমিউনিটি আছে, যাঁদের পরিবারের সদস্যরা ইউক্রেনে বসবাস করেন। বর্তমান পরিস্থিতিতে তাঁরা পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি বলেন, অনেকেই পরিবারের সদস্যদের ভিসা আবেদনে সহায়তা করার জন্য পোল্যান্ড সীমান্তেও গেছেন।
এদিকে যুক্তরাজ্য সরকার ‘হোমস ফর ইউক্রেন’ নামের একটি সহায়তা স্কিম চালুর ঘোষণা দিয়েছে। এর আওতায় ব্রিটিশ সরকার কোনো ব্যক্তি বা দাতব্য প্রতিষ্ঠানকে প্রতি মাসে ৪৫৬ ডলার করে দেবে, যাঁরা ইউক্রেনের নাগরিকদের দেখভাল করবেন। যাঁদের ব্রিটেনে আত্মীয় নেই, তাঁরা আগামী ছয় মাস এ সুবিধা পাবেন।