ইউক্রেনের শরণার্থীদের সহায়তায় নোবেল পদক নিলামে তুলবেন রুশ সাংবাদিক
ইউক্রেনের শরণার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নোবেলজয়ী রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ। এ জন্য নিজের নোবেল পদক নিলামে তুলছেন তিনি। নিলাম থেকে পাওয়া অর্থ দেওয়া হবে ইউক্রেনের শরণার্থী তহবিলে। আজ মঙ্গলবার দ্য নোভায়া গেজেটা পত্রিকায় প্রকাশিত তিনি এক নিবন্ধে এ কথা জানান। খবর রয়টার্সের।
মুরাতভ গত বছর ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান। মুরাতভ দ্য নোভায়া গেজেটা পত্রিকার প্রধান সম্পাদক।
পত্রিকাটিকে প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি ইউক্রেনীয় শরণার্থীদের তহবিলে নোবেল শান্তি পুরস্কারের পদক অনুদান হিসেবে দেওয়া হবে।’ এ জন্য তিনি নিলাম হাউসগুলোকে বিশ্বের সম্মানজনক পুরস্কারের পদক নিলামে তোলার ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে ক্রেমলিনের সমালোচক মুরাতভ জরুরিভিত্তিতে পাঁচটি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। সেগুলো হলো ‘অস্ত্রবিরতি, বন্দিবিনিময়, মৃত ব্যক্তিদের মরদেহ হস্তান্তর, মানবিক করিডর বাস্তবায়ন এবং শরণার্থীদের পাশে দাঁড়ানো।’
এর আগে চলতি মাসের গোড়ার দিকে খ্যাতনামা এই সাংবাদিক নোভায়া গেজেটার ওয়েবসাইট থেকে রাশিয়ার সামরিক অভিযানসংক্রান্ত সব আধেয় সরিয়ে ফেলা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। দেশটির সংবাদমাধ্যমের ওপর সরকারের আরোপ করা বিধিনিষেধের প্রতিবাদে তিনি এমন ঘোষণা দিয়েছিলেন। রুশ সরকার তখন হুমকি দিয়ে বলেছিল, সরকারি বক্তব্য-বিবৃতি হুবহু না ছাপলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। দেশটি একে বলছে ‘বিশেষ সামরিক অভিযান’। প্রতিবেশী দেশটির সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়াসহ ‘ভয়ংকর জাতীয়তাবাদীদের’ নির্মূলে এ অভিযান চালানো হচ্ছে বলে ক্রেমলিনের দাবি। এ হামলার জবাবে রাশিয়ার ওপর ব্যাপক হারে অবরোধ আরোপ করেছে পশ্চিমা দেশগুলো।