প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং সবচেয়ে রক্তক্ষয়ী হিসেবে পরিচিত ভেঁরদা যুদ্ধের শতবার্ষিকী পালিত হয়েছে গতকাল রোববার। উত্তর-পূর্ব ফ্রান্সের রণাঙ্গনের এই যুদ্ধের শতবার্ষিকীতে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল একসঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন।
ভেঁরদা যুদ্ধ স্থায়ী হয়েছিল ৩০০ দিন। সেখানে তিন লাখ মানুষ নিহত হয়েছিল বলে মনে করা হয়। জার্মান বাহিনীর বিরুদ্ধে এ যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স। তবে যুদ্ধটিকে এখন ফ্রান্স ও জার্মানির পুনর্মিলনের প্রতীক হিসেবেই দেখা হয়। গতকাল ওলাঁদ ও ম্যার্কেলের বক্তব্যেও তার চিত্র উঠে আসে। দুজনেই ইউরোপের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
ভেঁরদার উত্তরে জার্মানির সেনাদের সমাধিক্ষেত্র কনসেনভয়েতে গিয়ে দুই নেতা বৃষ্টির মধ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ বলেন, ‘শত বছর আগে এই ভেঁরদায় ইউরোপের মৃত্যু ঘটেছিল। কিন্তু এই শহর আবার মিলিত শান্তিকে প্রত্যক্ষ করেছে। দেখেছে ফ্রান্স-জার্মানির বন্ধুত্বকে। দুই দেশের এই চেতনা চিরজাগরূক থাকুক।’
ম্যার্কেল বলেন, ‘যারা অতীত জানে কেবল তারাই সেখান থেকে শিক্ষা নিতে পারে এবং গড়তে পারে উজ্জ্বল ভবিষ্যৎ।’