ইউরোপকে জনগণের আস্থা অর্জন করতে হবে : ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী
ইইউ ত্যাগে যুক্তরাজ্যের সিদ্ধান্তকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-মার্ক এঁহু ‘দুঃখজনক’ সিদ্ধান্ত বলে অভিহিত করে বলেছেন, ইউরোপকে অবশ্যই জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে টুইটার অ্যাকাউন্টে তিনি বলেন, ‘যুক্তরাজ্যের জন্য দুঃখ হচ্ছে। ইউরোপ চলবে, তবে তাদের হুঁশ হতে হবে। তাদের অবশ্যই জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। এটা খুব জরুরি।’
ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে রায় দিয়েছে যুক্তরাজ্য। ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। ইইউতে থাকার পক্ষে ভোট পড়েছে ৪৮ দশমিক ১ শতাংশ। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত গণভোটের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
আজ সকালে যখন এই ফল পাওয়া যায়, তখন মন্ত্রীদের সঙ্গে বৈঠকে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি আগেই সতর্ক করেছিলেন, ইইউ থেকে যুক্তরাজ্যের ছেড়ে যাওয়ার পরিণতি হবে ভয়াবহ। গত বুধবার তিনি বলেছিলেন, ‘এটা যতটা না যুক্তরাজ্যের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলবে, এর চেয়ে ইইউর ভবিষ্যৎ বেশি ঝুঁকিতে পড়বে।’