ইউরোপীয় ঐক্যের রূপরেখা তৈরি করতে মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জার্মানি ও ফ্রান্সের সুসম্পর্ক দীর্ঘদিনের। ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) প্রস্তুতির পরিপ্রেক্ষিতে এখন ফরাসি-জার্মান নেতৃত্ব যৌথ ইউরোপীয় লক্ষ্য নির্ধারণের ওপর জোর দিচ্ছে।

ম্যার্কেল বলেন, ‘জার্মানি চায় ফ্রান্স সফল হোক। ফ্রান্স শক্তিশালী হলেই ইউরোপের জন্য ভালো হবে। আমরা শুধুই ব্রেক্সিট মোকাবিলার উপায় নিয়ে কাজ করছি না, বরং সবার আগে অবশ্য সবাইকে ভাবতে হবে, কীভাবে বর্তমান ইইউকে দৃঢ়তর রূপ দেওয়া যায়, বিশেষত ইউরোজোনকে।’

জার্মানির অর্থনীতি ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী। পুরোনো ফ্রাঙ্কো-জার্মান সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে প্রয়োজনীয় সময়ে প্রায়ই নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ আছে। সোমবারের বৈঠকে সেই অংশীদারিতে নতুন গতি সঞ্চারের চেষ্টা ছিল। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, দুই নেতাই ইইউর বিভিন্ন চুক্তি বদলানোর ধারণার ব্যাপারে উদারতার কথা বলেছেন।

জার্মান অর্থমন্ত্রী উলফগ্যাং শায়েবল বলেছেন, ইউরোজোনের জন্য একজন অর্থমন্ত্রী নিয়োগের যে ধারণা ম্যাখোঁ দিয়েছেন, তা অবাস্তব প্রত্যাশা। কারণ, এ জন্য ইইউর চুক্তিতে জটিল রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন হবে। তবে চুক্তি পাল্টানোর ব্যাপারটা সম্ভব বলেই ম্যাখোঁ-ম্যার্কেল মনে করেন। ম্যাখোঁ বলেন, চুক্তি পরিবর্তনের ক্ষেত্রে ফ্রান্স একসময় অনমনীয় আচরণ করত। তবে সেই পরিস্থিতি আর থাকবে না।

ম্যার্কেলও বলেন, জার্মানির তরফ থেকে চুক্তি পরিবর্তন সম্ভব। তিনি এ জন্য প্রস্তুত আছেন।

ইমানুয়েল ম্যাখোঁ সোমবারই তাঁর নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী পদে মধ্য-ডানপন্থী আইনপ্রণেতা এদুয়া ফিলিপের নাম ঘোষণা করেন। তাঁরা গতকাল একসঙ্গে বসে মন্ত্রিসভার বাকি সদস্যদের নাম চূড়ান্ত করেন। নতুন প্রেসিডেন্ট বলেছেন, ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে চলমান ডান-বাম বিভেদ দূর করে তিনি স্বস্তিকর নতুন ধারার সূচনা করবেন।

ইউরোপের ঐক্যপন্থী ম্যাখোঁ গত রোববার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ফ্রান্সকে বিশ্বমঞ্চে আগের মতোই শক্তিশালী রূপে প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। পাশাপাশি জাতীয় আত্মবিশ্বাস প্রতিষ্ঠা এবং তিক্ত বিরোধ নিরসনের প্রতিশ্রুতি দেন।