ইউরোপে গিয়ে 'নিখোঁজ' ১০ হাজার শরণার্থী শিশু
ইউরোপে পৌঁছানোর পর গত দুই বছরে ‘হারিয়ে গেছে’ ১০ হাজারের বেশি শরণার্থী শিশু। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পুলিশের গোয়েন্দা ইউনিট ইউরোপোল এ কথা বলেছে। খবর বিবিসির।
ইউরোপোল জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে এসব শিশু ইউরোপে আসার পর বিভিন্ন দেশের কর্তৃপক্ষের কাছে শরণার্থী হিসেবে নিবন্ধন করে। এরপরই তারা নিরুদ্দেশ হয়ে গেছে। শিশু ও কিশোরেরা বিভিন্ন অপরাধী চক্রের দ্বারা যৌন নিপীড়ন ও দাসত্বের শিকার হচ্ছে বলেও সতর্ক করে দিয়েছে তারা।
বিভিন্ন অপরাধী চক্রের খপ্পরে পড়ে ইউরোপে শরণার্থী শিশু ও কিশোরেরা নিরুদ্দেশ হয়ে যাচ্ছে বলে আগে থেকেই অনুমান করা হয়েছিল। কিন্তু ইউরোপজুড়ে কত শিশু এমন ঘটনার শিকার হয়েছে, সে বিষয়ে এই প্রথম ইউরোপোল তথ্য দিল।
ইউরোপোলের প্রধান কর্মকর্তা অবজারভার পত্রিকাকে বলেন, ‘এটা বলা অযৌক্তিক হবে না যে আমরা ১০ হাজারের বেশি শিশুর খোঁজ করছি। তাদের সবাই অপরাধীদের খপ্পরে পড়েছে, তা নয়। কাউকে কাউকে হয়তো পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু তারা কোথায় আছে, আমরা সেটা জানি না।’
এর আগে গত বছরের মে মাসে ইতালির কর্মকর্তারা বলেছিলেন, তাঁদের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে প্রায় পাঁচ হাজার শিশু নিরুদ্দেশ হয়ে গেছে।