ইউরোপে ঢোকা শরণার্থী ১০ লাখ ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলেছে, এ বছর ইউরোপে প্রবেশ করা শরণার্থীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। এসব শরণার্থীর অর্ধেকই যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার নাগরিক। আইওএম গতকাল মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে। খবর বিবিসির।
আইওএম শরণার্থী নিবন্ধনের তালিকা, আইন প্রয়োগকারী সংস্থার হিসাব এবং তাদের নিজস্ব পর্যবেক্ষণ থেকে এ সংখ্যা বের করেছে। সংস্থাটি বলেছে, ইউরোপে এ বছর আসা শরণার্থীর সংখ্যা আগের বছরের চেয়ে চার গুণ বেশি।
আইওএম বলছে, শরণার্থীদের বেশির ভাগই সাগর পাড়ি দিয়ে তুরস্ক থেকে গ্রিসে ঢুকেছে। এদের সংখ্যা আট লাখের বেশি। সংখ্যার বিচারে সিরিয়ার নাগরিকদের পরে আছে ইরাক ও আফগানিস্তান। ইউরোপে আসার পথে বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিতে গিয়ে এ বছর ৩ হাজার ৬৯৫ শরণার্থী ডুবে বা হারিয়ে গেছে।
আইওএমের হিসাবমতে, শরণার্থীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে গত সোমবার। সেদিন সাগর পাড়ি দিয়ে এবং স্থলসীমান্ত দিয়ে ইউরোপে প্রবেশ করা শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৬ হাজার। ছয়টি ইউরোপীয় দেশ দিয়ে প্রবেশ করা শরণার্থীদের সংখ্যা বিবেচনা করেছে আইওএম। দেশগুলো হলো গ্রিস, বুলগেরিয়া, ইতালি, স্পেন, মাল্টা এবং সাইপ্রাস।
ইউরোপে প্রবেশ করা অর্ধেক শরণার্থীই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা সিরিয়ার নাগরিক। জাতীয়তা হিসেবে এরপর আছে আফগানিস্তানের ২০ শতাংশ এবং ইরাকের ৭ শতাংশ।