ইউরোপে সাত ভয়াবহ হামলা

২০০৪ সালের মার্চে স্পেনের মাদ্রিদে ট্রেনে বোমা হামলার ঘটনার পর ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবারের এই হামলাটিই ইউরোপে ‘সবচেয়ে ভয়াবহ’ বলে জানাচ্ছে এএফপি। বার্তা সংস্থাটি ১৯৮০ সাল থেকে ইউরোপে সাতটি ভয়াবহ সন্ত্রাসী হামলার তথ্য তুলে ধরেছে।
ফ্রান্স: চলতি বছরের ৭-৯ জানুয়ারি দেশটিতে ধারাবাহিকভাবে কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। প্রথম দিনে দুই বন্দুকধারী ব্যঙ্গাত্মক সাপ্তাহিক শার্লি হেবদোর প্যারিস কার্যালয়ে হামলা চালায়। তাদের গুলিতে আট কার্টুনিস্ট ও সাংবাদিক এবং দুই পুলিশ কর্মকর্তাসহ ১২ জন নিহত হন। এ হামলার ঘটনা তদন্তকালে পরের দিন গুলিতে এক নারী পুলিশ সদস্য নিহত হন। ৯ জানুয়ারি এক বন্দুকধারী একটি ইহুদি বিপণি কেন্দ্রে ঢুকে কয়েকজনকে জিম্মি করে। পরে জিম্মিদের মধ্য থেকে চারজনকে হত্যা করা হয়। শার্লি হেবদোতে হামলাকারীরা পুলিশের সঙ্গে পৃথক গোলাগুলির ঘটনায় নিহত হয়।
নরওয়ে: আন্দ্রেস ব্রেইভিক নামের এক উগ্র ডানপন্থী ২০১১ সালের ২২ জুলাই রাজধানী অসলোর সরকারি ভবনের বাইরে বোমা হামলা চালালে আটজন নিহত হন। পরে তিনি ওটোয়া দ্বীপে লেবার যুব সম্মেলনে গুলি চালিয়ে ৬৯ জনকে হত্যা করেন। ঘটনার বছর খানেক পরে ব্রেইভিককে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি সমাজের জন্য বিপজ্জনক প্রতীয়মান হলে এই শাস্তি আরও বাড়তে পারে।
যুক্তরাজ্য: ২০০৫ সালের ৭ জুলাই ব্যস্ত সময়ে তিনটি পাতালরেলের লাইন ও একটি বাস লাইনে চারটি সমন্বিত হামলায় ৫৬ ব্যক্তি নিহত এবং অন্তত ৭০০ ব্যক্তি আহত হয়। পরে এ হামলার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা।
স্পেন: ২০০৪ সালের ১১ মার্চ মাদ্রিদগামী চারটি কমিউটার ট্রেনে কয়েকটি বোমা হামলা চালানো হলে ১৯১ জন নিহত এবং প্রায় দুই হাজার ব্যক্তি আহত হয়। ওই বছরের ৩ এপ্রিল এক পুলিশ সদস্যকে হত্যার পর সন্দেহভাজন সাত হামলাকারী আত্মঘাতী বোমায় মারা যান।
যুক্তরাজ্য: ১৯৯৮ সালের ১৫ আগস্ট আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলের ছোট একটি শহরে ওমাঘে গাড়ি-বোমা হামলায় ২৯ জন নিহত এবং ২২০ জন আহত হন। পরে ওই হামলার দায় স্বীকার করে আইরিশ রিপাবলিকান আর্মি।
স্পেন: বার্সেলোনার একটি বিপণি কেন্দ্রের গাড়ি পার্কিংয়ে ১৯৮৭ সালের ১৯ জুন বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইটিএ-এর গাড়ি-বোমা হামলায় ২১ জন নিহত এবং ৪৫ জন আহত হন।
ইতালি: ১৯৮০ সালের ২ আগস্ট একটি রেলস্টেশনের বিশ্রামাগারে বোমা বিস্ফোরণে ৮৫ জন নিহত এবং ২০০ জন আহত হয়। দেশটির ইতিহাসে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। ওই ঘটনায় উগ্র ডানপন্থী সন্ত্রাসী দলের দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে ওই হামলার পরিকল্পনাকারীদের চিহ্নিত করা যায়নি।