ইউরোপে সাত হামলা
স্পেনের মাদ্রিদে ২০০৪ সালের মার্চে ট্রেনে বোমা হামলার ঘটনার পর ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবারের এই হামলাটিই ইউরোপে ‘সবচেয়ে ভয়াবহ’। ১৯৮০ সাল থেকে ইউরোপে সাতটি ভয়াবহ সন্ত্রাসী হামলার তথ্য তুলে ধরা হলো:
ফ্রান্স: চলতি বছরের ৭-৯ জানুয়ারি দেশটিতে ধারাবাহিকভাবে কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। প্রথম দিনে দুই বন্দুকধারী ব্যঙ্গ সাপ্তাহিক শার্লি এবদোর প্যারিস কার্যালয়ে হামলা চালায়। তাদের গুলিতে আট কার্টুনিস্ট ও সাংবাদিক এবং পুলিশের ২ কর্মকর্তাসহ ১২ জন নিহত হন। পরের দিন গুলিতে এক নারী পুলিশ সদস্য নিহত হন। ৯ জানুয়ারি এক বন্দুকধারী একটি ইহুদি বিপণিকেন্দ্রে ঢুকে চারজনকে হত্যা করে।
নরওয়ে: আন্দ্রেস ব্রেইভিক নামের এক উগ্র ডানপন্থী ২০১১ সালের ২২ জুলাই রাজধানী অসলোর সরকারি ভবনের বাইরে বোমা হামলা চালালে আটজন নিহত হন। পরে তিনি ওটোয়া দ্বীপে লেবার যুব সম্মেলনে গুলি চালিয়ে ৬৯ জনকে হত্যা করে।
যুক্তরাজ্য: ২০০৫ সালের ৭ জুলাই তিনটি পাতালরেল ও একটি বাস লাইনে চারটি হামলায় ৫৬ ব্যক্তি নিহত হয়।
স্পেন: ২০০৪ সালের ১১ মার্চ মাদ্রিদগামী চারটি কমিউটার ট্রেনে কয়েকটি বোমা হামলা চালানো হলে ১৯১ জন নিহত এবং প্রায় ২ হাজার ব্যক্তি আহত হয়।
যুক্তরাজ্য: ১৯৯৮ সালের ১৫ আগস্ট আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলের ছোট একটি শহরে ওমাঘে গাড়িবোমা হামলায় ২৯ জন নিহত হয়। পরে ওই হামলার দায় স্বীকার করে আইরিশ রিপাবলিকান আর্মি।
স্পেন: বার্সেলোনার একটি বিপণিকেন্দ্রের পার্কিংয়ে ১৯৮৭ সালের ১৯ জুন বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইটিএর গাড়িবোমা হামলায় ২১ জন নিহত হয়।
ইতালি: ১৯৮০ সালের ২ আগস্ট একটি রেলস্টেশনের বিশ্রামাগারে বোমা বিস্ফোরণে ৮৫ জন নিহত এবং ২০০ জন আহত হয়। ওই ঘটনায় উগ্র ডানপন্থী সন্ত্রাসী দলের দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড হয়।