ইউরোপেও অন্তঃসত্ত্বার দেহে জিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনে অন্তঃসত্ত্বা নারীর শরীরে জিকা ভাইরাস ধরা পড়েছে। ইউরোপে এমন ঘটনা এটাই প্রথম। মধ্য আমেরিকার দুই দেশ হন্ডুরাস ও নিকারাগুয়াতেও নয়জন অন্তঃসত্ত্বা নারীর দেহে জিকা শনাক্ত হওয়ার খবর এসেছে। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গা সে দেশে জিকা ছড়িয়ে পড়ার ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স ও বিবিসির।
বিবিসির খবরে বলা হয়, জিকা ভাইরাসে আক্রান্ত স্পেনের ওই নারী উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়া অঞ্চলের বাসিন্দা। সম্প্রতি কলম্বিয়া থেকে দেশে ফিরেছেন তিনি। সেখানেই তিনি এ ভাইরাসের সংস্পর্শে এসেছেন বলে মনে করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
নিকারাগুয়া সরকারের মুখপাত্র ও ফার্স্টলেডি রোজারিও মুরিল্লো বলেন, গত বৃহস্পতিবার তিন থেকে চার মাসের অন্তঃসত্ত্বা তিন নারী জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলেও অন্তঃসত্ত্বা নারীর ক্ষেত্রে এটাই প্রথম ঘটনা।
একই দিন হন্ডুরাসের স্বাস্থ্যমন্ত্রী ইয়োলানি বাট্রেস বলেন, তাঁরাও ছয়জন অন্তঃসত্ত্বা নারীর দেহে জিকা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করেছেন। এরই মধ্যে দেশটিতে ৩ হাজার ২০০-এর বেশি ব্যক্তির দেহে জিকা ধরা পড়লেও এই প্রথম কোনো অন্তঃসত্ত্বা নারীর দেহে তা পাওয়া গেল।
টোঙ্গায় জরুরি অবস্থা: ক্ষুদ্র রাষ্ট্র টোঙ্গায় এরই মধ্যে মশাবাহিত রোগে পাঁচজন আক্রান্ত বলে নিশ্চিত হওয়ার পাশাপাশি ২৫৯ জনের বিষয়ে সন্দেহ করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে দেশটি জিকা প্রাদুর্ভাবের বিষয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে।