ইউরোপকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে: পোল্যান্ড
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বেলারুশ সীমান্তে অভিবাসী সংকটকে স্নায়ু যুদ্ধের পর থেকে ইউরোপকে অস্থিতিশীল করার সবচেয়ে বড় চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। আজ রোববার এক টুইটে মোরাউইকি অভিযোগ করেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছেনই। গত তিন দশকের মধ্যে ইউরোপকে অস্থিতিশীল করার সবচেয়ে বড় চেষ্টা এটি। এ নিয়ে বাল্টিক দেশগুলোর সরকারপ্রধানদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন তিনি।
মোরাউইকি আরও বলেছেন, পোল্যান্ড ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না এবং ইউরোপীয় ইউনিয়নের সীমানা রক্ষার জন্য সবকিছু করবে। পোল্যান্ড ও তার মিত্ররা সীমান্ত সংকটের জন্য বেলারুশকে দায়ী করছে। তারা বলছে, রাশিয়ার ইন্ধনে বেলারুশ মানুষকে পোল্যান্ডে প্রবেশের উসকানি দিচ্ছে। এসব অভিবাসীদের মধ্যে অধিকাংশই মধ্যপ্রাচ্যের নাগরিক। বেলারুশ অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলছে, ইউরোপীয় ইউনিয়ন অভিবাসীদের আশ্রয় দিচ্ছে না।
গত শুক্রবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, তাঁর দেশের সেনারা ‘সম্ভবত’ অভিবাসীদের ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে সহায়তা করেছে। তবে তিনি অভিবাসীদের আমন্ত্রণ জানিয়ে এখানে আনেননি। পোল্যান্ডের গণমাধ্যমের খবর অনুযায়ী, সীমান্তে সংকট শুরু হওয়ার পর থেকে অন্তত ১১ জন অভিবাসী মারা গেছেন।