ইউরোপজুড়ে সন্ত্রাসবিরোধী সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্ভাব্য সন্ত্রাসবাদী তৎপরতার পরিপ্রেক্ষিতে আজ সোমবার উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইউরোপ। 
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, বেলজিয়ামে সন্দেহভাজন জঙ্গি দলের প্রধান এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এ ছাড়া ফ্রান্স ও জার্মানিতে মুসলিমবিরোধী সমাবেশ আটকে দিয়েছে কর্তৃপক্ষ।
গত সপ্তাহে ফ্রান্সে কয়েকটি সন্ত্রাসবাদী ঘটনায় বন্দুকধারীদের হাতে ১৭ জন নিহত হন। এরপর ইউরোপের বিভিন্ন দেশে নিরাপত্তা জোরদার করা হয়। বেলজিয়ামে জঙ্গিদের বিরুদ্ধে শুরু হয় ধারাবাহিক অভিযান। ওই অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হয়।
ইরাক ও সিরিয়ায় জঙ্গিদের হয়ে লড়াই করতে যাওয়া ইউরোপীয় তরুণদের অনেকে দেশে ফিরে আসছে। তারা নিজ নিজ দেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। এই হুমকি মোকাবিলায় সহযোগিতার কৌশল নির্ধারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা আজ ব্রাসেলসে বৈঠকে বসছেন। সন্ত্রাসের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি একটি বিশেষ সম্মেলন ডেকেছে ইইউ।
সন্ত্রাসী হামলার সম্ভাব্য হুমকির পরিপ্রেক্ষিতে জার্মানিতে আজকের মুসলিমবিরোধী সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। অন্যদিকে মুসলিমবিরোধী সমাবেশে বিধিনিষেধ দিয়েছেন ফ্রান্সের একটি আদালত।