ইউরোপীয় মূল্যবোধ এগিয়ে নেওয়ার আহ্বান মেরকেলের
মানুষের দুঃসময়ে ইউরোপীয় মূল্যবোধ এগিয়ে নিতে ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা কামনা করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর বলেছেন, ‘আমরা বিপন্ন শরণার্থীদের জন্য যা করেছি, অন্যান্য ইউরোপীয় দেশেরও তা-ই করা উচিত। এবং মানুষের জন্য ইউরোপীয় মূল্যবোধকে সবার ওপরে স্থান দেওয়া উচিত।’
একই সংবাদ সম্মেলনে সহকারী চ্যান্সেলর সিগম্যার গাব্রিয়েল বলেছেন, যুদ্ধপীড়িত শরণার্থীদের আশ্রয় দিতে পেরে আমরা গৌরবান্বিত। তিনি অন্যান্য দেশকে শরণার্থীদের ব্যাপারে জার্মানের উদারনীতি অনুসরণের জন্য অনুরোধ করেন।
গত তিন দিনে জার্মানির দক্ষিণ সীমান্ত দিয়ে দেশটিতে প্রায় কুড়ি হাজার শরণার্থী প্রবেশ করেছে।
শরণার্থীদের পুনর্বাসনের জন্য জার্মানের তিনদলীয় জোট সরকার ৬০০ কোটি ইউরো বরাদ্দ দিয়েছে। এবং আগামী অর্থ বছরে আরও ৩০০ কোটি ইউরো বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। জোট সরকারের ছোট শরিক দল ব্যাভেরিয়া প্রদেশের খ্রিষ্টান সামাজিক ইউনিয়নের কিছু নেতা জার্মানিতে এভাবে শরণার্থীদের আসার ব্যাপারে আপত্তি তুললেও, শরণার্থীদের পুনর্বাসনের জন্য জোট সরকারের অর্থ বরাদ্দের সিদ্ধান্তের কোনো বিরোধিতা করেননি।
এই অর্থ দিয়ে সদ্য আসা শরণার্থীদের জন্য সারা দেশে শীতকালের জন্য উপযোগী ১৫০ হাজার আবাস নির্মাণসহ পুলিশ বাহিনীতে অতিরিক্ত তিন হাজার এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সংস্থায় ১০ হাজার লোক নিয়োগ দেওয়া হবে।