ডেনমার্ক রেডিওর প্রতিবেদন
ইউরোপীয় নেতাদের ওপর যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তি
গুপ্তচরবৃত্তির দোসর ডেনমার্ক। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এসব গুপ্তচরবৃত্তি করা হয়। বাইডেন জড়িত বলে অভিযোগ।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলসহ ইউরোপের মিত্রদেশগুলোর নেতাদের ওপর যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির খবর আবার প্রকাশ পেল। ইউরোপের দেশ ডেনমার্কের একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে এই চরবৃত্তি করে ওয়াশিংটন। এ ঘটনায় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
বার্তা সংস্থা এএফপি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওই গোয়েন্দাগিরির খবর গত রোববার প্রকাশ করে ডেনমার্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ডেনমার্ক রেডিও। খবরে বলা হয়েছে, ডেনিশ গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেনস সার্ভিসের সহযোগিতায় দেশটির তথ্যপ্রবাহ তারে (কেবল্স) আড়ি পেতে সুইডেন, নরওয়ে, ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতাদের ওপর গুপ্তচরবৃত্তি করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এসব গুপ্তচরবৃত্তি করা হয়। গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে ২০১৪ ও ২০১৫ সালে একটি অভ্যন্তরীণ তদন্ত করে ডিফেন্স ইন্টেলিজেনস সার্ভিস। সেখানেই এই তথ্য উঠে এসেছে। শ্রেণিবদ্ধ এই তথ্য পেয়েছে, এমন ৯টি অজ্ঞাত সূত্র ডেনমার্ক রেডিওকে এই তথ্য জানিয়েছে।
ডেনমার্ক রেডিওর প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে সন্দেহে ছিল জার্মানির নেতাদের ঘিরে। দেশটির চ্যান্সেলর ম্যার্কেল
ছাড়াও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক–ওয়াল্টার স্টেইনমেয়ার ও বিরোধী দলের সাবেক নেতা পিয়ার স্টেইনব্রুকের ওপরও গুপ্তচরবৃত্তি করে এনএসএ। ডেনমার্কের ডিফেন্স ইন্টেলিজেনস সার্ভিসের
তদন্তে আরও বলা হয়েছে, ইন্টারনেট তারের মাধ্যমে ডেনমার্কে আদান–প্রদান তথ্যপ্রবাহে প্রবেশ করে এনএসএ। তারা বার্তা, টেলিফোন কল, সার্চিংসহ ইন্টারনেট ট্রাফিক, চ্যাট, ম্যাসেজিং সার্ভিসে আড়ি পাতে।
সুইডেন, নরওয়ে, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের সঙ্গে বার্তা আদান–প্রদানে জন্য ইন্টারনেটের কয়েকটি কেব্ল স্টেশন রয়েছে ডেনমার্কের। আর সেই নেটওয়ার্কে প্রবেশাধিকার ছিল ডেনিশ ডিফেন্স ইন্টেলিজেনস সার্ভিসের। সেই সংস্থার সঙ্গে যোগসাজশের মাধ্যমে তাতে আড়ি পাতে যুক্তরাষ্ট্র। ডেনমার্কের পাশাপাশি ইউরোপের ওই দেশগুলোও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র।
‘জো বাইডেন ঘনিষ্ঠভাবে জড়িত’
ডেনমার্কের রেডিওতে গুপ্তচরবৃত্তির তথ্য প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন স্নোডেন। ওই ঘটনায় বর্তমান মার্কেন প্রেসিডেন্ট জো বাইডেন ঘনিষ্ঠভাবে জড়িত বলে অভিযোগ করেন বর্তমানে রাশিয়ায় বসবাসকারী স্নোডেন।