ইউরোপে অন্তঃসত্ত্বা নারীর শরীরে জিকা ভাইরাস

স্পেনে এক অন্তঃসত্ত্বা নারীর শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ইউরোপে এ ধরনের ঘটনা এটাই প্রথম। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জিকা ভাইরাসে আক্রান্ত ওই নারী সম্প্রতি কলম্বিয়া থেকে দেশে ফিরেছেন। সম্ভবত সেখানেই সংক্রমিত হয়েছেন তিনি।
এখন পর্যন্ত আমেরিকা অঞ্চলেই জিকা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি। অঞ্চলটির দেশগুলোতে ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিয়ে শিশু জন্মের সংখ্যা বেড়েই চলেছে। এর জন্য জিকা ভাইরাস দায়ী বলে মনে করছেন বিজ্ঞানীরা।
এডিস মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায় বলে এত দিন বলে আসছিলেন বিজ্ঞানীরা। তবে যৌন সংসর্গের মাধ্যমেও তা ছড়ানোর বিরল ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।
ব্রাজিলসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশে জিকা ভাইরাসের ব্যাপক সংক্রমণের প্রেক্ষাপটে সম্প্রতি স্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জিকা ভাইরাসে আক্রান্ত ওই নারীকে উত্তর-পূর্ব কাতালোনিয়া অঞ্চলে পাওয়া গেছে।
বিবৃতিতে ওই নারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জিকা ভাইরাসে আক্রান্ত মোট সাতজনকে পাওয়া গেছে। তাঁদের মধ্যে ওই অন্তঃসত্ত্বা নারী একজন। আক্রান্ত ব্যক্তিরা ভালো আছেন। স্পেনে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি নেই। কারণ আক্রান্ত ব্যক্তিরা বিদেশ থেকে ফিরেছেন।