ইউরোপে করোনা ঠেকাতে কড়া পদক্ষেপ: ডব্লিউএইচও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

ইউরোপজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা প্রয়োজনীয় হয়ে উঠেছে। প্রয়োজনে অন্য দেশে গৃহীত কঠোর ব্যবস্থা অনুসরণ করা যেতে পারে। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের প্রধান এ কথা বলেছেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডা. হানস হেনরি পি ক্লোগ সতর্ক করে বলেছেন, মহামারি না কমলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া যেতে পারে।

পিটিআইয়ের এক খবরে জানা যায়, ভাইরাসের সংক্রমণ রোধের জন্য ইউরোপের দেশগুলোকে আপসহীন পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন হানস। তিনি বলেন, ‘বেশির ভাগ সংক্রমণ ঘটছে বাড়িতে, বদ্ধ জায়গা ও সুরক্ষাব্যবস্থা না নেওয়া মানুষের মধ্যে। তাই তুলনামূলক সহজ প্রতিরক্ষা পদ্ধতি অনুসরণ করার বিষয়টি আমাদের ওপরেই নির্ভর করছে।’

ক্লুগ বিভিন্ন মডেলের উদ্ধৃতি দিয়ে বলেন, যদি ৯৫ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করে ও সামাজিক দূরত্ব মানে, তবে ফেব্রুয়ারি নাগাদ ইউরোপে ২ লাখ ৮১ হাজার মৃত্যু রোধ করা যাবে। তবে পদক্ষেপ শিথিল করলে জানুয়ারি নাগাদ মৃত্যু পাঁচ গুণ হতে পারে।

ক্লুগ আরও বলেন, বিভিন্ন দেশের সরকার কর্তৃক বিধিনিষেধগুলো কঠোর করা খুবই প্রয়োজন। কারণ শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইউরোপের মহামারি পরিস্থিতি এখন ব্যাপক উদ্বেগের বিষয়। প্রতিদিনের শনাক্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে।

কার্যকর পদক্ষেপগুলো বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে ডা. হানস বলেন, সঠিকভাবে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সামাজিক জমায়েতে ওপর কঠোর নিয়ন্ত্রণ করতে হবে।