ইউরোপে কুর্দিদের বিক্ষোভ
সিরিয়ার কুর্দি-অধ্যুষিত শহর কোবানি ইসলামিক স্টেটের (আইএস) দখলে যাওয়ার ঝুঁকিতে পড়ায় ইউরোপে বসবাসরত কুর্দিরা পশ্চিমা সাহায্যের প্রতাশায় কয়েক দিন ধরে ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন করেছে। জার্মানির বার্লিন, হামবুর্গ, ডুসেলডর্ফ, বন এবং হ্যানোভার শহরে বিক্ষোভ করেছে জাতিগত কুর্দিরা।
প্রবাসী কুর্দিরা হামবুর্গ শহরের কেন্দ্রে মেয়রের অফিস, বনে ডয়েচে ভেলে রেডিও, ডুসেলডর্ফের ভিডিআর টেলিভিশন কেন্দ্র ও হ্যানোভার বিমানবন্দরের মতো স্থাপনাগুলোতে বিক্ষোভ করে। কুর্দিরা সোমবার সন্ধ্যায় হল্যান্ডের ডেনহাগে পার্লামেন্ট ভবনে প্রবেশ করে বিক্ষোভ করে।
সোম ও মঙ্গলবার অস্ট্রিয়ার ভিয়েনা, সুইজারল্যান্ডের বাসেল এবং ফ্রান্সের প্যারিস ও স্ট্রাসবুর্গে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ‘আমাদের স্বজনদের বাঁচতে দিন’সহ আইএসের উগ্রতার নিন্দা করে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করে।