ইউরোপের বাল্টিক রাষ্ট্রগুলোতে পৌঁছেছে ট্যাংকসহ শত শত মার্কিন সামরিক যান। ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপের প্রেক্ষাপটে ন্যাটো সদস্যদের আশ্বস্ত করার মিশনের আওতায় পাঠানো এসব যান ইউরোপেই থেকে যাবে। কৃষ্ণসাগর এলাকায় ন্যাটোর নৌমহড়া শুরু ও মার্কিন সামরিক বাহিনীর একটি পদাতিক ডিভিশন মোতায়েনের খবরের মধ্যেই এসব মার্কিন সামরিক যান এল।
পূর্ব ইউক্রেনে অনেক চেষ্টার পর নতুন একটি অস্ত্রবিরতি কার্যকর হলেও এই সংঘাত রাশিয়া ও পাশ্চাত্যের মধ্যে অবিশ্বাস আরও বাড়িয়েছে। পাশ্চাত্যকে হুমকি দিতে ইউক্রেন সীমান্তে রাশিয়াও বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। পাশাপাশি দেশটি বলেছে, তারা ইউরোপীয় একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে আসছে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা গত মঙ্গলবার জানান, এম-১ আব্রাম ট্যাংক এবং ব্র্যাডলি ফাইটিং ভেহিক্যালসহ মোট ৭৫০টি মার্কিন সামরিক যান ইউরোপের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে কমবেশি আড়াই শ ভারী যান ইতিমধ্যে লাটভিয়ার রাজধানী রিগা ও জার্মানির উত্তরাঞ্চলে পৌঁছে গেছে। এগুলো মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হবে, যাতে ‘সংকটকালে’ আরও বেশি দ্রুততার সঙ্গে কাজে লাগানো যায়। ওই কর্মকর্তা বলেন, এসব সামরিক যান ন্যাটো বাহিনীর ৯০ দিনের একটি প্রশিক্ষণের জন্য বাল্টিক অঞ্চল ও পোল্যান্ডে নিয়ে যাওয়া হবে। এরপর সেগুলো ইউরোপের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রাখা হবে।
ন্যাটোর নৌমহড়া: মঙ্গলবার থেকেই কৃষ্ণসাগরে শুরু হয়েছে ন্যাটোর একটি বহুজাতিক নৌমহড়া। গত বছর রাশিয়া ইউক্রেনের যে ক্রিমিয়া উপদ্বীপকে নিজেদের অংশ করে নিয়েছিল, তার জলসীমার কাছেই চলছে এই মহড়া। এতে ন্যাটোর কৃষ্ণসাগর এলাকার সদস্য বুলগেরিয়া, রুমানিয়া, তুরস্কসহ সাতটি দেশের যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। অন্য চারটি দেশ হচ্ছে কানাডা, জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্র।
ন্যাটো জানিয়েছে, এই মহড়ায় যুক্তরাষ্ট্রের পতাকাবাহী যুদ্ধজাহাজ ইউএসএস ভিকসবার্গও অংশ নিচ্ছে।
ন্যাটোর মহড়া এলাকার আশপাশে রাশিয়া যুদ্ধজাহাজ ও আকাশযান পাঠিয়েছে বলে জানিয়েছিল পাশ্চাত্যের সূত্র। তবে রোববার একজন মার্কিন সামরিক কমান্ডার এ কথা জানিয়ে বলেন, সেগুলো তখন পর্যন্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি।
ইউক্রেনে রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নপন্থী (ইইউ) বিক্ষোভের মুখে গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে সংকট শুরু হয়। একপর্যায়ে পূর্ব ইউক্রেনের রুশ ভাষাভাষী এলাকা ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়া নিজেদের অংশ করে নিলে পূর্ব ইউরোপের দেশগুলো উদ্বিগ্ন হয়ে পড়ে। তাদের আশ্বস্ত করতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এ পর্যন্ত পূর্ব ইউরোপে বেশ কিছু সামরিক মহড়ার আয়োজন করেছে।
মার্কিন পদাতিক বাহিনী: পেন্টাগনের একজন মুখপাত্র জানান, মার্কিন সেনাবাহিনীর তৃতীয় পদাতিক ডিভিশনের তিন হাজার সদস্যকে ইউরোপে তিন মাসের জন্য মোতায়েন করা হচ্ছে। তাঁরা বেশ কয়েকটি সামরিক মহড়ায় অংশ নেবেন।
রাশিয়ার সামরিক মহড়া: ক্রিমিয়ার পাশাপাশি জর্জিয়া থেকে বেরিয়ে আসা রুশপন্থী অঞ্চল আবখাজিয়াসহ কয়েকটি এলাকায় গত সপ্তাহে সামরিক মহড়া শুরু করে রাশিয়া। রুশ সামরিক বাহিনী সীমান্তবর্তী স্তাভরোপুল এলাকায়ও বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। খবরে জানানো হয়েছে, এ মহড়ায় গোলন্দাজ বাহিনী ও একসঙ্গে একাধিক রকেট নিক্ষেপের ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম রয়েছে।