ইউরোপের অন্যান্য বন্দরেও অভিবাসী ঢুকতে দিন: ইতালি
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো মিনিতি গতকাল রোববার ইউরোপের অন্যান্য দেশকে ভূমধ্যসাগরের অভিবাসী উদ্ধারকারী জাহাজগুলোর জন্য তাদের বন্দর খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অভিবাসীদের নিয়ে জাহাজগুলো কেবল ইতালীয় বন্দরে ভিড়বে, এমনটা গ্রহণযোগ্য নয়।
অভিবাসীদের নিয়ে জরুরি সংকট সমাধানের উপায় নির্ধারণের লক্ষ্যে মিনিতি গতকালই ফ্রান্স ও জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। এর আগে ইতালির একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা সাংঘাতিক চাপের মধ্যে আছি।’
সমুদ্রপথে ইতালিতে অভিবাসীদের প্রবেশের হার গত বছরের তুলনায় বেশি হওয়ায় রোম তাদের বিভিন্ন বন্দর বেসরকারি নৌযানগুলোর জন্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালীয় কোস্টগার্ডের পাশাপাশি বেসরকারি নৌযান, সোফিয়া ও ফ্রন্টেক্সের নৌযানগুলো ভূমধ্যসাগরে দুর্ঘটনার কবলে পড়া অভিবাসীদের প্রাণ বাঁচাচ্ছে। এসব নৌযান ইউরোপের বিভিন্ন দেশের পতাকা বহন করে। শরণার্থী ও অভিবাসীদের নিয়ে সেগুলো কেবল ইতালীয় বন্দরে ভিড়বে, এমনটা মেনে নেওয়া যায় না। নৌযানগুলো অন্যান্য ইউরোপীয় বন্দরে যাওয়াটাই সমীচীন হবে, যদিও এতে ইতালির সংকট দূর হবে না। কিন্তু এটা রোমের জন্য সহায়তার ইউরোপীয় সদিচ্ছার অসাধারণ সংকেত হতে পারে।
জাতিসংঘের হিসাবে চলতি বছর এ পর্যন্ত লিবিয়া উপকূল থেকে ঝুঁকিপূর্ণ নৌযানে চড়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অন্তত ৮৩ হাজার মানুষকে উদ্ধার করে ইতালিতে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলেছে, এ সময় আরও অন্তত ২ হাজার ১৬০ জন সাগরে ডুবে প্রাণ হারিয়েছে।
ইতালির রেডক্রস হুঁশিয়ারি দিয়েছে, ইতালিতে অভিবাসী গ্রহণকেন্দ্রগুলোর পরিস্থিতি ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষের চাপে জটিল হয়ে পড়েছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শরণার্থী ও অভিবাসীদের বিভিন্ন দেশে ভাগ করে নেওয়ার যে কর্মসূচি নিয়েছে, তা সম্প্রসারিত করার জন্য ইতালি আহ্বান জানিয়েছে। ওই কর্মসূচির আওতায় মূলত ইরিত্রিয়া ও সিরিয়া থেকে আসা শরণার্থীদের ইইউর বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার কথা রয়েছে।