ইউরোপের গোটা অভিবাসন ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিসের এথেন্সের ভিক্টোরিয়া স্কয়ারে সন্তানকে নিয়ে বিশ্রাম নিচ্ছেন আটকা পড়া এই আফগান অভিবাসী নারী l ছবি: এএফপি
গ্রিসের এথেন্সের ভিক্টোরিয়া স্কয়ারে সন্তানকে নিয়ে বিশ্রাম নিচ্ছেন আটকা পড়া এই আফগান অভিবাসী নারী l ছবি: এএফপি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিবাসন কমিশনার দিমিত্রিস আভ্রামোপুলোস হুঁশিয়ারি দিয়েছেন, শরণার্থীর ঢল যেভাবে ধেয়ে আসছে, তা থামানো না গেলে ১০ দিনের মধ্যে ইইউর পুরো অভিবাসন-প্রক্রিয়া ভেঙে পড়তে পারে। খবর এএফপির।
ইইউর অভিবাসন কমিশনার গ্রিসের ডেলফিতে গতকাল শুক্রবার এক সম্মেলনে বলেন, ৭ মার্চ অনুষ্ঠেয় তুরস্ক ও ইইউর মধ্যে বৈঠকে শরণার্থী সমস্যা মোকাবিলা নিয়ে মতৈক্য না হলে জোটের জন্য ‘বিপর্যয় নেমে আসবে’।
এর আগে বৃহস্পতিবার এএফপিকে আভ্রামোপুলোস বলেন, ইউরোপে মানবিক সংকট ‘খুবই বাস্তবিক এবং অত্যাসন্ন’। সেদিন ব্রাসেলসে ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের এ-সংক্রান্ত বৈঠকেও একই কথা বলেন তিনি।
বর্তমানে অনুকূল আবহাওয়ার কারণে ভূমধ্যসাগর শান্ত থাকায় নৌকায় করে শরণার্থীদের ইউরোপে পাড়ি জমানোর প্রবণতা বাড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শেনগেন ভিসাহীন অঞ্চলভুক্ত ইউরোপের সাতটি দেশ নিজ নিজ সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। এ নিয়ে জোটভুক্ত কয়েকটি দেশের পারস্পরিক সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হয়েছে। অন্য বলকান দেশগুলো নিজ নিজ সীমান্ত আটকে দেওয়ার পরিকল্পনা করার পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে গ্রিসের সম্পর্কে তিক্ততা দেখা দিয়েছে।
এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বলকান অঞ্চলের দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা হুঁশিয়ারি দিয়েছেন, ইইউ-তুরস্ক সম্মেলনের আগেই যদি তুরস্ক দিয়ে শরণার্থী ঢোকা কমে না আসে, তাহলে ইইউভুক্ত দেশগুলো নিজেদের সীমান্ত বন্ধে একপক্ষীয় কঠোর সিদ্ধান্ত নিতে পারে।
বৈঠকে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডে মাইজেরে বলেন, ৭ মার্চ অনুষ্ঠেয় তুরস্ক-ইইউ বৈঠকের আগেই তাঁরা তুরস্ক দিয়ে গ্রিসে শরণার্থী আসা উল্লেখযোগ্যভাবে কমাতে চান।
নেদারল্যান্ডসের অভিবাসনমন্ত্রী ক্লাশ দিসকোফ বলেন, ৭ মার্চের মধ্যে শরণার্থীর চাপ না কমলে কড়া ব্যবস্থা নেওয়া ছাড়া তাঁদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না।
অভিবাসীরা আলবেনিয়ামুখী: বলকান দেশ আলবেনিয়ার সংহতিবিষয়ক মন্ত্রী ক্লাজদা জোশা গতকাল বলেছেন, বিপুলসংখ্যক সিরীয় শরণার্থী সীমান্তে জড়ো হয়ে তাঁদের ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছে। মেসিডোনিয়া তার সীমান্তে কড়াকড়ি আরোপ করায় শরণার্থীরা আলবেনিয়ার ভূখণ্ড ব্যবহার করতে চাচ্ছে।