ইউরোপের চার দেশের নেতাদের সঙ্গে কথা বললেন বাইডেন
ইউক্রেন সংকট নিয়ে ইউরোপের চার গুরুত্বপূর্ণ দেশের সরকারের প্রধানদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এএফপির খবরে বলা হয়েছে, সোমবার তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি।
এই চার সরকার প্রধানের সঙ্গে কথা বলার উদ্যোগ নেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই। চলতি সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন বাইডেন। এর আগে এই অঞ্চলের দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বললেন বাইডেন। এই টেলিফোন আলাপের পর একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। ইউক্রেনে রাশিয়ার হামলাকে ‘নৃশংস’ হিসেবে উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, এই দেশগুলো সম্মিলিতভাবে ইউক্রেন ইস্যুতে কী কী পদক্ষেপ নিতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর হামলাসহ রাশিয়া যে নৃশংস নীতি গ্রহণ করেছে তা নিয়ে বাইডেনের সঙ্গে ইউরোপের নেতাদের আলোচনা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা ইস্যুতে সহযোগিতাসহ ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টির ওপর জোর দিয়েছেন নেতারা।
এদিকে বাইডেন আগামী শুক্রবার পোল্যান্ড সফর করবেন বাইডেন। এর আগের দিন ব্রাসেলসে তিনি ন্যাটো জোট ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
ওয়ারশতে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদার সঙ্গে বৈঠক করবেন বাইডেন। ইউক্রেনের যুদ্ধে মানবিক সহায়তা নিয়ে কথা বলবেন তিনি।