ইতালিতে আবার শক্তিশালী ভূমিকম্প, ভবন ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে নর্সিয়া শহরের ব্যাসিলিকা অব বেনেদেত্তো গির্জা l এএফপি
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে নর্সিয়া শহরের ব্যাসিলিকা অব বেনেদেত্তো গির্জা l এএফপি

ইতালির মধ্যাঞ্চলে আবার আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। নর্সিয়া শহরের কাছাকাছি এলাকায় গতকাল রোববার ৬ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পে বহু ভবন ধ্বংস হয়েছে। এর মধ্যে আছে ৬০০ বছরের পুরোনো একটি গির্জা। সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
স্থানীয় সময় গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটে ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত লোকজন রাস্তায় বেরিয়ে পড়ে। বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান ফাব্রিজিও কুর্সিও বলেন, ধ্বংসস্তূপের ভেতর থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারও মৃত্যুর খবর মেলেনি। প্রত্যন্ত এলাকাগুলোয় উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।
নর্সিয়া এলাকায় গত সপ্তাহেও একবার ভূমিকম্প হয়েছিল। এরপর বহু মানুষ সে এলাকা ছেড়ে সাগর উপকূলের দিকে চলে যায়।
রাজধানী রোম শহরসহ বহু দূরের ভেনিস পর্যন্ত গতকালের ভূমিকম্পে কেঁপে ওঠে। ইতালিতে প্রায় দুই মাস আগে এক বড় ভূমিকম্পে প্রায় ৩০০ মানুষ প্রাণ হারিয়েছিল। রিখটার স্কেলের হিসাবে গতকালের ভূমিকম্পের মাত্রা আগস্টের ওই ভূমিকম্পের চেয়ে বেশি জোরালো ছিল।
ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি গতকালের ভূমিকম্পে বিধ্বস্ত সব বাড়িঘর ও গির্জা পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দেশবাসীকে ‘উদারতা, অনুপ্রেরণা ও দায়িত্বশীলতার’ পরিচয় দিতে আহ্বান জানিয়েছেন।
ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস বলেছেন, তিনি ইতালির ভূমিকম্পে আহত ও ক্ষতিগ্রস্ত লোকজন ও তাদের পরিবার-পরিজন এবং উদ্ধারকর্মী ও জরুরি সহায়তা বাহিনীর জন্য প্রার্থনা করছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইতালির পেরুজিয়া থেকে প্রায় ৬৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
নর্সিয়ার ঐতিহ্যবাহী ব্যাসিলিকা অব সেন্ট বেনেডিক্ট গির্জাটি ভূমিকম্পে ভেঙে গেছে। তবে সেখানকার যাজকেরা জানিয়েছেন, তাঁদের সবাই নিরাপদে আছেন।
নর্সিয়া শহরকে সন্তু বেনেডিক্টের জন্মস্থান বলে মনে করা হয়।