ইতালিতে প্রমোদতরি জব্দ, সন্দেহ পুতিনের দিকে
ইতালিতে স্থানীয় সময় গতকাল শুক্রবার বড় একটি প্রমোদতরি জব্দ করা হয়েছে। বেশ কয়েক মাস ধরে দেশটির পশ্চিম উপকূলীয় মাসা শহরের ম্যারিনা দি কারারা শিপইয়ার্ডে প্রমোদতরিটির সংস্কারকাজ চলছিল। প্রমোদতরিটির মালিকের নাম শেহেরাজাদে। তিনি কে, তা জানতে তদন্ত শুরু করেছে ইতালির পুলিশ। ৭০ কোটি ডলার মূল্যের এই প্রমোদতরির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। খবর এএফপির।
গতকাল ইতালির অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তদন্তে ইতালীয় কর্তৃপক্ষ জানতে পেরেছে শেহেরাজাদে প্রমোদতরির আনুষ্ঠানিক মালিকের সঙ্গে রুশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অর্থনৈতিক ও ব্যবসায়িক সংযোগ রয়েছে। ইউক্রেনে হামলার পর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে পড়া বেশ কয়েকজন রুশ নাগরিকও তাঁদের মধ্যে আছেন।
বিবৃতিতে আরও বলা হয়, তদন্তের পর প্রমোদতরিটি জব্দ করার একটি আদেশে স্বাক্ষর করেছেন অর্থমন্ত্রী দানিয়েল ফ্রাঙ্কো। ইতালি সরকারের বিবৃতির আগে এএফপির এক ফটোসাংবাদিক বলেছেন, প্রমোদতরিটি পানিতে নামানো হয়েছে, শুক্রবার এটি যাত্রা শুরু করতে পারে।
এদিকে শেহেরাজাদের মালিক কে, তা নিয়ে জল্পনা চলছে। এর মালিক কি রুশ প্রেসিডেন্ট পুতিন নাকি কোনো রুশ ব্যবসায়ী, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতালির পুলিশ বলছে, মালিকের পরিচয় নিশ্চিত হতে সর্বোচ্চ চেষ্টা করছে তারা।
বিভিন্ন প্রমোদতরি ও এগুলোর মালিকদের নিয়ে গবেষণা করে সুপারইয়ট ফ্যান ওয়েবসাইট। তাদের তথ্য অনুসারে, ২০২০ সালে জার্মানির লুসেন কোম্পানি ১৪০ মিটারের প্রমোদতরিটি তৈরি করেছে। এটিতে দুটি হেলিপ্যাড, একটি সুইমিং পুল এবং একটি মুভি থিয়েটার আছে।
ইতালির তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র গত মার্চের শেষের দিকে এএফপিকে বলেছিল, প্রমোদতরির মালিকানা নির্ণয়ের কাজটি সব সময় সহজ হয় না। একই সূত্র গতকাল বলেছেন, তদন্তে নতুন কিছু পাওয়া যায়নি।
রাশিয়ার ভিন্নমতাবলম্বী নেতা অ্যালেক্সি নাভালনির মালিকানাধীন দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের গবেষকেরা বলছেন, পুতিনের সঙ্গে এই প্রমোদতরির সংযোগ আছে। তাঁদের দাবি, প্রমোদতরিটির নাবিকদের নামের একটি তালিকা তাঁদের কাছে আছে। নাবিকদের মধ্যে রাশিয়ার কেন্দ্রীয় সুরক্ষা সেবা ব্যবস্থার বেশ কয়েকজন সদস্য আছেন।
তবে এক বিবৃতিতে শিপইয়ার্ড কোম্পানি ইতালিয়ান সি গ্রুপ বলেছে, তাদের কাছে যে তথ্য আছে, তাতে প্রমোদতরিটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যে চেক তারা পেয়েছে, তা যাচাইয়ের ভিত্তিতে এ দাবি করেছে তারা।