ইতালিতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি, ১৩ জনের মৃত্যুর আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের খোঁজে উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি
ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের খোঁজে উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি

ইতালির মধ্যাঞ্চলে আজ বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু ভবন বিধ্বস্ত হয়েছে। আরও ক্ষয়ক্ষতির আশঙ্কায় সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ২।

রয়টার্স জানায়, সরকারি কর্মকর্তারা রাষ্ট্রীয় গণমাধ্যম আরএআইকে জানিয়েছেন, ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর এক ঘণ্টা পর ফের আঘাত হানে। এর তীব্রতা ছিল ৫ দশমিক ৪।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা ইতালিয়ান গণমাধ্যমকে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি গ্রামগুলোতে অনেক ভবন ধসে পড়েছে। আমব্রিয়া অঞ্চলের নোরসিয়া শহরের কাছে ছিল এর উৎপত্তিস্থল।

এএফপি
এএফপি

অ্যামেট্রিস শহরের মেয়র সারজিও পিরোজি বলেন, লাইজো অঞ্চলের পাহাড়ি একটি গ্রামের অর্ধেকই নেই। গরমকালে গ্রামটিতে অনেক পর্যটকের সমাগম ঘটে। মেয়র বলেন, গ্রামটিতে ঢোকার মুখ বন্ধ হয়ে গেছে। সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করা অসম্ভব। বার্তা সংস্থা এজিআইকে তিনি বলেন, একটি সড়কে ভূমি ধসে পড়েছে। আরেকটি সড়কের একটি সেতুও ভেঙে পড়েছে।

ভূমিকম্পের পরপরই অনেকে আশ্রয় নেন সড়কে। ছবি: রয়টার্স
ভূমিকম্পের পরপরই অনেকে আশ্রয় নেন সড়কে। ছবি: রয়টার্স

অ্যামেট্রিস শহরটি বিভিন্ন সুন্দর স্পটের জন্য বিখ্যাত। এ ছাড়া গ্রীষ্মকালে পাহাড় থেকে আসা শীতল বাতাস উপভোগ করতে রোমানীয়রা ছুটি কাটাতে সেখানে ছুটে যান।

ইতালিয়ান আরেকটি শহর অ্যাকুমোলির মেয়র স্তেফানো পেতরুসি আরএআইকে বলেন, অনেক ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে দুই সন্তানসহ বাবা-মা চাপা পড়েছেন। মনে হয় না তাঁরা কেউ বেঁচে আছেন।