ইতালিতে 'না' ভোট জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি গতকাল সোমবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। দেশটিতে সংবিধান সংস্কার প্রশ্নে আগের দিন অনুষ্ঠিত গণভোটে ‘না’ ভোট জয়ী হয়েছে। রেনজি আগেই বলেছিলেন, এমন ফলাফল হলে পদ ছাড়বেন।
ইউরো অঞ্চলের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি স্পষ্টত রাজনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। মাত্র আড়াই বছর দায়িত্ব পালনের পরই প্রধানমন্ত্রী রেনজির সরে যাওয়ার সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নকেও (ইইউ) জোরালো ধাক্কা দিল। পশ্চিমা বিশ্বে প্রতিষ্ঠানবিরোধী জনমত শক্তিশালী হওয়ার এটি আরেকটি দৃষ্টান্ত।
রেনজির পদত্যাগের পর ইতালিতে আগামী বছর আগাম নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, ইইউ-বিরোধী কোনো দলই ওই নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসবে। কারণ, এবারের গণভোটে তারাই ‘না’ ভোটের পক্ষে জোরেশোরে প্রচার চালিয়েছিল। ‘পরাজয়ের পূর্ণ দায়’ নিয়ে রেনজির গতকালই প্রেসিডেন্ট সের্জিও মাতারেল্লার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা। রেনজি বলেন, ‘উত্তরসূরিকে আমি হাসিমুখে আলিঙ্গন করব, যিনিই হোন না কেন।’
গণভোটের ফলাফল অনুযায়ী ৫৯ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে ‘না’ জয়ী হয়েছে। ভোটার উপস্থিতি ছিল প্রায় ৭০ শতাংশ। প্রেসিডেন্ট মাতারেল্লা নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী নিয়োগের পরিবর্তে তিনি নতুন করে সাধারণ নির্বাচনের ঘোষণাও দিতে পারেন।
বিবিসি লিখেছে, রেনজির রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। তিনি ইতালির রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনতে চেয়েছিলেন। কেন্দ্রীয় সরকারকে আরও শক্তিশালী করতে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ক্ষমতা কমিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন।