
চীনের পর এবার ইতালির সঙ্গে প্রায় আড়াই হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তি সই করল সদ্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞামুক্ত ইরান। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির ইউরোপ সফরের শুরুতে গত সোমবার ইতালিতে তাঁর উপস্থিতিতে এ চুক্তি সই হয়। সফরে ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাৎ করেন রুহানি। খবর এএফপি ও সিডনি মর্নিং হেরাল্ডের।
এক যুগেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা ও অবরোধে নাজুক হয়ে পড়া ইরানি অর্থনীতিকে পুনরুদ্ধার ও আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে এসব চুক্তি বিশেষ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে। ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচিকে ঘিরে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ওই সব নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
১২০ জন ব্যবসায়ী নেতা ও মন্ত্রিসভার সদস্যের সমন্বয়ে গঠিত শক্তিশালী একটি প্রতিনিধিদল নিয়ে ইউরোপ সফরে গেছেন প্রেসিডেন্ট রুহানি। দুই দিনের ইতালি সফর শেষে আজ বুধবার ফ্রান্সের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতের সময় ক্যাথলিক খ্রিষ্টানদের নেতা ইরানি প্রেসিডেন্টকে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য অবদান রাখার আহ্বান জানান। অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদ মোকাবিলা ও অস্ত্র পাচার ঠেকানোর জন্য ‘ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা’ কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
রুহানির ইতালির ৫০০ ব্যবসায়ী নেতার উদ্দেশে বক্তৃতা দেওয়ার কথা। ইতালির এক সরকারি সূত্র জানায়, দেশটির সঙ্গে ইরান জ্বালানি থেকে অবকাঠামো ও ইস্পাত থেকে জাহাজ নির্মাণ পর্যন্ত ২ হাজার ৬৫০ কোটি ডলারের চুক্তি করেছে। ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি বলেন, ‘এটা যাত্রার শুরুমাত্র। অনেক খাতই আছে যেখানে ইরানের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করব।’
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) ইঙ্গিত করে প্রধানমন্ত্রী রেনজি আরও বলেন, ‘আমি নিশ্চিত সন্ত্রাসবাদ, নিষ্ঠুরতা ও অপশক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের দুই দেশের ঐক্যবদ্ধ সামর্থ্যের একটা মৌলিক অংশ হয়ে উঠবে ইরানি প্রেসিডেন্টের এ সফর।’
প্রকৃতপক্ষে গত নভেম্বরে ইউরোপ সফরের কথা ছিল প্রেসিডেন্ট রুহানির। কিন্তু ফ্রান্সের প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রায় ১৩০ জনের প্রাণহানির ঘটনায় সে সফর বাতিল হয়। ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির (নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য এবং জার্মানি) পরমাণু বিষয়ে সমঝোতা চুক্তি কার্যকর হওয়ার এক সপ্তাহ পর এ ইউরোপ সফরে গেলেন প্রেসিডেন্ট রুহানি।
তেহরান গত রোববার জানায়, পুরোনো বিমান পাল্টে বিমান বহরকে সময়োপযোগী করতে তারা ১১৪টি এয়ারবাস উড়োজাহাজ কিনবে।