ইতালির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি অবস্থা
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি অবস্থা জারি করেছে ইতালি। পুনর্গঠনে পাঁচ কোটি ইউরো বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি।
গত বুধবারের ওই ভূমিকম্পে অন্তত ২৬৮ জন মারা গেছেন। আহত হয়েছেন চার শ। আহত ব্যক্তিদের মধ্যে ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পে প্রায় আড়াই হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনেককেই বাইরে তাঁবুতে রাতযাপন করতে হচ্ছে। আরকুয়াতা দেল ত্রন্তো এলাকার বাসিন্দা আনা মারিয়া সিউক্কারেল্লি বলেন, ‘খুব কঠিন এই পরিস্থিতি। দিনের বেলা তাপমাত্রা প্রচণ্ড উষ্ণ আর রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা।’
উদ্ধার অভিযানে কাজ করছেন পাঁচ হাজার কর্মী। গত বুধবারের পর গতকাল শুক্রবার পর্যন্ত ৯২০টিরও বেশি পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে। এসব পরাঘাতে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্নিফার কুকুরের সহায়তায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অন্য এলাকাগুলোর মতো পর্যটন আকর্ষী আমাত্রিস শহরেও অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। শুধু এই শহর থেকেই ২০৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি এলাকাগুলোয়ও উদ্ধার অভিযান চলছে। তবে সময় যত যাচ্ছে, ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত কাউকে উদ্ধারের আশা তত ক্ষীণ হয়ে আসছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা।