ইরমার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে প্রাণহানি ১০

ইরমার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে এ পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট গত এক শতকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইরমার প্রভাবে এই অঞ্চলজুড়ে সৃষ্ট তাণ্ডবে ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন দ্বীপ সেন্ট মার্টিন প্রায় ধ্বংস হয়ে গেছে। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
সর্বশেষ খবরে জানা যায়, ডোমিনিকান রিপাবলিকের উত্তরে অবস্থানকারী ৫ মাত্রার ঘূর্ণিঝড়টি টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) স্কেলে সবচেয়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড় প্রথম আঘাত হানে অ্যান্টিগুয়া ও বারবুডা দ্বীপে। বারবুডায় মারা গেছে একটি শিশু। দ্বীপটি ঘুরে দেখার পর প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনি প্রায় ৯৫ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি পুরোপুরি ধ্বংসযজ্ঞ। দ্বীপটি এখন কার্যত পানির নিচে।’ তিনি বিবিসিকে জানান, বারবুডার ৫০ শতাংশ মানুষ এখন আশ্রয়হীন।