ইরানে ৮ পরমাণু চুল্লি নির্মাণ করবে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানকে বিদ্যুৎ উৎপাদনের জন্য আটটি পারমাণবিক চুল্লি নির্মাণ করে দিতে রাজি হয়েছে রাশিয়া। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে চলমান গুরুত্বপূর্ণ আলোচনার প্রেক্ষাপটে এ চুক্তি হওয়ায় সমালোচনাকারীদের কেউ কেউ বলছেন, অস্ত্র তৈরির কাজে রাশিয়ার ওই পারমাণবিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রোজাটম বলেছে, ইরানে ওই চুল্লিগুলো নির্মাণের কাজ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানেই সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে অস্ত্রের বিস্তার রোধে পর্যাপ্ত নিরাপত্তাও নিশ্চিত করা হবে। এ ছাড়া ইরানের ওই চুল্লিগুলোর জন্য পারমাণবিক জ্বালানিও সরবরাহ করবে রাশিয়া। ব্যবহারের পর সেগুলো ফিরিয়ে নেওয়া হবে।
পারমাণবিক জ্বালানি ব্যবহার করে ইরান যাতে কোনো ধরনের অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য বুশেহর কেন্দ্রে ইতিমধ্যে পর্যাপ্ত নিয়ন্ত্রণব্যবস্থা রাখা হয়েছে। রাশিয়ার সহায়তায়ই সেগুলো স্থাপন করা হয়েছে।
রাশিয়াসহ বিশ্বের ছয় পরাশক্তি দেশ বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধ করে দিতে ইরানের ওপর চাপ দিচ্ছে। তাদের আশঙ্কা, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে দেশটি এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা জ্বালানি উৎপাদন ও চিকিৎসাবিজ্ঞানের প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়েছে।
ছয় পরাশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের কূটনীতিকেরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে চূড়ান্ত দফা আলোচনায় বসবেন। পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের বিনিময়ে তাঁরা ইরানের ওপর থেকে একাধিক অবরোধ তুলে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রাবকভ বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের ব্যাপারে নির্ধারিত সময়সীমার মধ্যেই (২৪ নভেম্বর) তেহরানের সঙ্গে পরাশক্তি দেশগুলোর চুক্তি সম্পাদনের ভালো সুযোগ রয়েছে বলে তাঁর দেশ মনে করে। তবে রাবকভ বলেন, ২৪ নভেম্বরের মধ্যে কোনো চুক্তি হবে না বলে তাঁরা মনে করছেন না।