ইরানের ওপর থেকে পারমাণবিক নিষেধাজ্ঞা তুলে নিল রাশিয়া
ইরানের দিকে পারমাণবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া। তুলে নিয়েছে পারমাণবিক সহযোগিতার ক্ষেত্রে সব নিষেধাজ্ঞা। আজ সোমবার ইরান সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ঘোষণা করেন। এতে রাশিয়ার প্রতিষ্ঠানগুলো বিনা বাধায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে কাজ করতে পারবে। আজ এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
২০০৭ সালের পর প্রথমবারের মতো ইরান সফর করছেন পুতিন। এই সফরে একটি ডিক্রিতে সই করেছেন পুতিন। এতে রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সহায়তা করতে পারবে।
ডিক্রিতে বলা হয়েছে, রাশিয়ার কোম্পানিগুলো এখন ইরানভিত্তিক বিভিন্ন কার্যক্রম চালাতে পারবে।
এর আগে জুলাইয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে এক ঐতিহাসিক চুক্তিতে সই করেছিল ইরান। এতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নাটকীয়ভাবে কমিয়ে আনার আকস্মিক এক ঘোষণা দিয়েছিল। এর ফলে পারমাণবিক যুদ্ধাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন ইরানের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তেহরান ওই চুক্তিতে তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র সংখ্যা দুই-তৃতীয়াংশ কমিয়ে আনতে সম্মত হয়। এসব কেন্দ্র শান্তিপূর্ণ কাজে ব্যবহারের উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালাতে সক্ষম। একই সঙ্গে এতে পারমাণবিক যুদ্ধাস্ত্র তৈরি করার মতো সুযোগও রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে জানানো হয়, আজ স্থানীয় সময় বেলা সোয়া একটার দিকে তেহরান পৌঁছেছেন পুতিন। এ সফরে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করবেন। সিরিয়ার চলমান সমস্যার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবেন তাঁরা।
নেতাদের এই মুহূর্তে মনোযোগের বিষয়বস্তু হচ্ছে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিদের বিষয়ে। গত বছর থেকে সিরিয়ার আইএসের ছড়িয়ে পড়ার বিষয়টি মস্কো ও তেহরানের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ১০ দিন আগে প্যারিসে ভয়াবহ হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ইউরোপজুড়েও আইএস হুমকি হয়ে উঠেছে।