ইরানের পারমাণবিক আলোচনা শুরু ২৯ নভেম্বর: ইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারমাণবিক চুক্তি নিয়ে বিশ্ব পরাশক্তিগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান
ফাইল ছবি: রয়টার্স

পারমাণবিক চুক্তি নিয়ে বিশ্ব পরাশক্তিগুলোর সঙ্গে আলোচনায় বসছে ইরান। ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় গতকাল বুধবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস। খবর রয়টার্সের।

ইইউয়ের বিবৃতিতে বলা হয়, ভিয়েনায় বৈঠকে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশনের (জেসিপিওএ) যৌথ কমিশন অংশ নেবেন। আলোচনায় ইইউয়ের পররাষ্ট্রনীতি–সংক্রান্ত প্রধান জোসেফ বোরেলের পক্ষে সভাপতিত্ব করবেন এনরিক মোরা।

পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নিতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রও। তবে শর্ত দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে শুরু করা ইরানের পারমাণবিক কার্যক্রমে লাগাম দিলেই এ নিয়ে সামনে আগানো হবে বলে জানিয়ে রেখেছে মার্কিন প্রশাসন। তারা বলছে, ইরান আন্তরিক থাকলেই চুক্তি সম্ভব। ২০১৮ সালে ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চুক্তি নিয়ে আলোচনার বিষয়টি ইরানের পক্ষে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী আলী বাঘেরি। তিনি আসন্ন পরমাণু আলোচনায় ইরানের নেতৃত্ব দেবেন। এক টুইট বার্তায় তিনি বলেন, এনরিক মোরার সঙ্গে এক ফোনালাপে আলোচনার দিনক্ষণ ঠিক করা হয়েছে।

টুইটে আলী বাঘেরি বলেন, ‘ইরানের ওপর থেকে অনৈতিক ও অমানবিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ২৯‍ নভেম্বর ভিয়েনায় আলোচনায় বসতে আমরা একমত হয়েছি।’

ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বলা হয়েছে, চলতি মাসের শেষের দিকে এ আলোচনায় ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়াও অংশ নেবে। জেসিপিওএতে যুক্তরাষ্ট্রের ফিরে আসার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি সব পক্ষের সম্মতিতে পারমাণবিক চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে কথা বলা হবে।