ইসলামবিদ্বেষী পেগিডা নতুন কৌশল নিচ্ছে
দেশজুড়ে প্রবল প্রতিরোধের মুখে ইসলামবিরোধী সংগঠন পেগিডার আন্দোলনে মাঝে কিছুটা ভাটা পড়লেও তারা আবার গা-ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ২০১৪ সালের অক্টোবর মাস থেকে জার্মানির পূর্বাঞ্চলের শহর ড্রেসডেনে প্রতি সোমবার পেগিডা আন্দোলনের সমর্থনে মিছিল ও জমায়েত অনুষ্ঠিত হচ্ছিল। পেগিডার পুরো অর্থ ‘পাশ্চাত্যের ইসলামীকরণের বিরুদ্ধে দেশপ্রেমী ইউরোপীয়বৃন্দ’।
সর্বশেষ ১৩ জানুয়ারি ড্রেসডেন শহরে এই আন্দোলনের সমর্থনে প্রায় ২৫ হাজার মানুষ জমায়েত হয়েছিল। তারপর ক্রমেই তাদের প্রতি জনসমর্থন কমে আসে। সমাবেশগুলোতে আশানুরূপ সংখ্যায় মানুষ আসছে না দেখে উদ্যোক্তা ও সমর্থকেরা নতুন কৌশল দিয়ে এ আন্দোলনকে চাঙা করার চেষ্টায় রত হয়েছেন।
জার্মানির পশ্চিম সীমান্তের প্রতিবেশী দেশ নেদারল্যান্ডসের ইসলামবিরোধী আন্দোলনের নেতা গ্রিট ভেল্ডারকে গত সোমবার ড্রেসডেন জমায়েতে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল পেগিডা। প্রতিবেশী দেশের এই ইসলামবিদ্বেষী নেতাকে জার্মানিতে আমন্ত্রণ জানানো ও বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে জোরদার সমালোচনা হলেও তিনি ঠিকই সোমবার ড্রেসডেনের সমাবেশে হাজির হয়েছিলেন। স্বদেশে একশ্রেণির মানুষের কাছে জনপ্রিয় ভেল্ডার তাঁর বক্তৃতায় বলেন, খ্রিষ্টান ও ইহুদি সমাজব্যবস্থার যে রীতি দীর্ঘদিন থেকে মধ্য ইউরোপের দেশগুলোতে আছে, ইসলাম ধর্ম তাকে বিপদগ্রস্ত করে তুলছে। তিনি জার্মান চ্যান্সেলরের ‘ইসলাম জার্মানিরও অন্তর্গত’ বক্তব্যেরও সমালোচনা করেন।
নেদারল্যান্ডসের ফ্রিডম পার্টির কৌশলী নেতা গ্রিট ভেল্ডার বেশ কিছুদিন থেকেই নিজ দেশে এবং ফ্রান্স ও অস্ট্রিয়ায় ইসলামবিদ্বেষী আন্দোলনে যুক্ত। তাঁর লক্ষ্য এখন প্রতিবেশী বড় দেশ জার্মানির মাটিতে এই আন্দোলনের প্রসার। তবে জার্মানির আরও কিছু শহরে পেগিডা সমর্থকেরা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলেও তেমন সাড়া পায়নি। গত সোমবার গ্রিট ভেল্ডারের উপস্থিতিতে অনুষ্ঠিত ড্রেসডেনের জমায়েতেও ততটা লোকসমাগম হয়নি।
ড্রেসডেনের পেগিডা আন্দোলনের সংগঠকেরা ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদো অফিসে ৭ জানুয়ারির হামলার পর থেকে সক্রিয়তা বাড়াচ্ছেন। জার্মানি তথা ইউরোপীয় রাজনীতিতে তাঁদের আন্দোলনের যৌক্তিকতার পক্ষে প্রতিবেশী দেশগুলোতে ধর্ম ও অভিবাসীবিরোধী দল ও সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করছেন তাঁরা।
ইউরোপে বসবাসরত কিছু কট্টরপন্থী ইসলামি সংগঠনের সহিংস কার্যকলাপ এবং ইউরোপের দেশগুলো থেকে কয়েক হাজার তরুণ-তরুণীর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের লড়াইয়ে যোগ দিতে মধ্যপ্রাচ্যে যাওয়া মহাদেশটিতে ইসলামবিরোধী আন্দোলনকারীদের পুঁজি হয়ে উঠেছে।