ইসলামি জঙ্গিবাদ সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ম্যার্কেল
ইসলামি জঙ্গিবাদ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বার্লিনে তিউনিসিয়ার আশ্রয়প্রার্থীর ভয়াবহ ট্রাক হামলার কথা উল্লেখ করে নববর্ষের বার্তায় ম্যার্কেল বলেন, যখন নিরাপত্তার জন্য আশ্রয় চাওয়া কোনো ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায়, তখন তা ‘বিব্রতকর’ হয়ে দাঁড়ায়। ২০১৬ সালকে ম্যার্কেল ‘কঠোর পরীক্ষা’র বছর বলে উল্লেখ করেন। তবে তিনি বলেন, তিনি আত্মবিশ্বাসী যে জার্মানি তাঁদের পরাস্ত করতে পারবে।
ম্যার্কেল বলেন, ‘আমরা আমাদের জীবন ও কাজের মধ্য দিয়ে সন্ত্রাসীদের বলতে চাই, আপনারা ঘৃণিত খুনি। আমাদের বেঁচে থাকা এবং বেঁচে থাকার যে স্পৃহা আছে, তা আপনারা বুঝতে পারেন না। আমরা সহানুভূতিশীল, মুক্ত ও খোলা মনের মানুষ।’
দুই সপ্তাহ আগে বার্লিনে বড়দিন উৎসবের সামগ্রীর অস্থায়ী মার্কেটে ট্রাক চালিয়ে দিয়ে ১২ জনকে হত্যা করেন তিউনিসিয়ার নাগরিক আনিস আমরি। ২৩ ডিসেম্বর আনিস ইতালিতে পুলিশের গুলিতে নিহত হন।
২৪ বছর বয়সী তিউনিসীয় নাগরিক আনিস ২০১১ সালে ইতালিতে ভাঙচুর, হুমকি ও চুরির দায়ে কারাভোগ করেন। জেলে থাকাকালে সহিংস আচরণের জন্য তিনি ইতালি কর্তৃপক্ষের কাছে পরিচিতি পান। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাঁকে ইতালি ছাড়তে বলা হয়। চলতি বছরের এপ্রিলে আশ্রয়ের জন্য আবেদন করে আমির জার্মানিতে পৌঁছান।
চলতি বছরের শুরুতে জার্মানিতে আশ্রয়প্রার্থী এক আফগান কিশোরের হামলায় পাঁচজন আহত হন। এ ছাড়া আশ্রয় প্রার্থনার আবেদন নাকচ হওয়া এক সিরীয় একটি বারের বাইরে আত্মঘাতী হামলা চালালে ১৫ জন আহত হয়। এসব হামলার কারণে ম্যার্কেলের ২০১৫ সালে ১০ লাখেরও বেশি শরণার্থী ও অভিবাসীদের গ্রহণ করার নীতি সমালোচনার মুখে পড়ে।