ইসির নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় কমিশনের (ইসি) নতুন প্রেসিডেন্ট জ্য-ক্লদ ইয়ুঙ্কার গতকাল বুধবার সংস্থাটির ২৮ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছেন। নতুন সদস্যদের মধ্যে অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাপনা খাতে যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রাধান্য দেখা গেছে। পাঁচ বছরের জন্য এই কমিটি কাজ করবে। ইসিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে মনে করা হয়। ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী পিয়ের মসকোভিসিকে অর্থ, আর্থিক ব্যবস্থাপনা, কর ও শুল্ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সাবেক নেতা জোনাথন হিলস আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক পরিষেবা ও মূলধন মার্কেট ইউনিয়নের দায়িত্ব পেয়েছেন। গুরুত্বপূর্ণ সাতটি পদের মধ্যে তিনটিই পেয়েছেন নারীরা। এএফপি