ইস্তাম্বুলে জোড়া বোমা হামলায় নিহত ৩৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে গত শনিবার রাতে একটি ফুটবল স্টেডিয়ামের কাছে জোড়া বোমা হামলার ঘটনায় ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫৫ জন।

হামলার জন্য সরকার নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছে। তবে পরে এ হামলার দায় স্বীকার করে পিকেকে থেকে বিচ্ছিন্ন আরেকটি ছোট গ্রুপ কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকনস (টিএকে)।   

হামলায় হতাহতের ঘটনায় গতকাল রোববার রাষ্ট্রীয় শোক পালন করে তুরস্ক। আটক করা হয়েছে ১৩ জনকে।

শনিবার তুর্কি ক্লাব ফুটবল বেসিকতাস ও বার্সাসপরের মধ্যে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয় সুপারলিগ ম্যাচ। খেলার পরই মাঠের বাইরে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এর এক মিনিটের কম সময় পর কাছেরই এক পার্কে চালানো হয় আত্মঘাতী বোমা হামলা। সেখানে পুলিশের একটি দলের কাছে গিয়ে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটান।

স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সওলু বলেন, হামলায় পুলিশের ৩০ জন সদস্য নিহত হয়েছেন। বাকি সাতজন বেসামরিক ব্যক্তি। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আলামত দেখে মনে হচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পিকেকে হামলা চালিয়েছে।

সন্ত্রাসী হামলার কারণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কাজাখস্তানে নির্ধারিত সফর বাতিল করেছেন।