ইস্তাম্বুলে পুলিশের বাসে বোমা, সাত পুলিশসহ নিহত ১১
তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে গতকাল মঙ্গলবার পুলিশের বাসে বোমা হামলায় সাত পুলিশ কর্মকর্তাসহ ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৬০ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ।
তুর্কি টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইস্তাম্বুলের গভর্নর ভাসিপ শাহিন বলেন, ইস্তাম্বুলের শীর্ষ পর্যটন স্থানগুলোর কাছাকাছি বায়েজিদ এলাকার মধ্য দিয়ে দাঙ্গা পুলিশের একটি বাস যাচ্ছিল। এ সময় ওই বাসটি বোমা হামলার শিকার হয়।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে পুলিশের যানটির ব্যাপক ক্ষতি হয়। এতে আশপাশের দোকানের জানালাও গুঁড়িয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশে থামিয়ে রাখা গাড়িও। হামলার কারণে দুর্ঘটনাস্থলের কাছাকাছি অবস্থিত ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, চলতি ও গত বছরে তুরস্কে ঘটা একাধিক হামলার জন্য মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও অবৈধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করা হয়। তুর্কি সরকার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল ও প্রতিবেশী দেশ ইরাকে পিকেকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।
বলা হচ্ছে, ইস্তাম্বুলের এ হামলায় কুর্দি বিদ্রোহীদের ছাপ আছে। কারণ, কুর্দি বিদ্রোহীরা ধারাবাহিকভাবে নিরাপত্তা বাহিনীকে হামলার লক্ষ্যবস্তু করে আসছে।