ইস্তাম্বুলের নাইট ক্লাবে 'হামলাকারী' গ্রেপ্তার হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্তাম্বুলের সন্দেহভাজন হামলাকারী
ইস্তাম্বুলের সন্দেহভাজন হামলাকারী

তুরস্কের ইস্তাম্বুলের অভিজাত রেইনা নাইট ক্লাবে বর্ষবরণের অনুষ্ঠানে হামলার প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আব্দুলগাদির মাশারিপোভ নামে ওই ব্যক্তির জন্ম উজবেকিস্তানে। পুলিশ বলেছে, ইস্তাম্বুলের ইসেনইউয়ার্ত এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইস্তাম্বুলের গভর্নর ভাসিপ শাহিন বলেছেন, আব্দুলগাদির হামলা চালানোর কথা স্বীকার করেছেন।
খ্রিষ্টীয় নববর্ষের রাতের উৎসবের সময় ইস্তাম্বুলের রেইনা নাইট ক্লাবে ঢুকে নির্বিচার গুলি করেন হামলাকারী ব্যক্তি। এতে নিহত হন ৩৯ জন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করে বলেছে, সিরিয়ায় তুরস্কের সামরিক হস্তক্ষেপের জবাব দিতেই এই হামলা। তদন্তকারীরা বলেছেন, হামলাকারী ব্যক্তি আইএসের হয়ে লড়াই করেছিলেন। রেইনা ক্লাবে হামলার পর দুই সপ্তাহের বেশি সময় ধরে তিনি পলাতক ছিলেন।
ইস্তাম্বুলের গভর্নরের বরাতে বিবিসি জানিয়েছে, হামলাকারী আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়েছিলেন। গত বছরের জানুয়ারিতে তিনি তুরস্কে আসেন। এ ছাড়া ঘটনাস্থলে পাওয়া অস্ত্রে থাকা আঙুলের ছাপের সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তির আঙুলের ছাপ মিলেছে।

তুরস্কের উপপ্রধানমন্ত্রী নুমান কুরতুলমাস বলেছেন, নাইট ক্লাবে হামলাকারী ব্যক্তি একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ওই ফ্ল্যাটটি আব্দুলগাদিরের কিরগিজ বংশোদ্ভূত এক বন্ধুর বলে জানা গেছে।