ইহুদি বসতির পক্ষের ফ্রাইডম্যান ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার ডেভিড ফ্রাইডম্যানকে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত পদে মনোনীত করেছেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানের পরামর্শক ফ্রাইডম্যান ইসরায়েলের মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার পক্ষপাতী।
ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন টিম বৃহস্পতিবার এক বিবৃতিতে ৫৭ বছর বয়সী ফ্রাইডম্যানকে ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দেয়। দেউলিয়া আইনের বিশেষজ্ঞ ফ্রাইডম্যান অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণেরও পক্ষপাতী।
নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করে বলেছিলেন, প্রেসিডেন্টের দায়িত্ব পেলে তিনি ইসরায়েলের অবিভক্ত রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেবেন।