ইয়েমেনে সংঘর্ষে নিহত ৬৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের উত্তরাঞ্চলে দেশটির সেনাবাহিনী ও শিয়া বিদ্রোহীদের মধ্যে গতকাল শনিবার সংঘর্ষে ২৮ সেনাসদস্যসহ অন্তত ৬৮ জনের প্রাণহানি হয়েছে। মাত্র কিছুদিন আগে উভয় পক্ষের মধ্যে হওয়া অস্ত্রবিরতি চুক্তির এ লঙ্ঘনে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। উপজাতি সূত্রগুলো জানায়, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হারাধ এলাকা গত বৃহস্পতিবার শিয়া বিদ্রোহীদের কাছ থেকে নিয়ন্ত্রণে নেয় সরকারি বাহিনী। এরপর বিদ্রোহীরা আশপাশের এলাকায় লোকবল বাড়ালে সরকারি বাহিনী গতকাল সকালে লোহিতসাগর বন্দর মিডির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এতে করে প্রচণ্ড সংঘর্ষ বেধে যায়। সেনাবাহিনী সূত্র জানায়, সংঘর্ষে ২৮ সেনাসদস্য নিহত হয়েছেন। উপজাতি সূত্রগুলো জানায়, শিয়া বিদ্রোহীদের পক্ষে নিহতের সংখ্যা ৪০। এ ছাড়া তাদের ৫০ সদস্য এবং অনুগত আরও ৪০ জন আহত হয়েছেন।
এএফপি