ইয়েমেনে সৌদি জোটের ৫০ সেনা নিহত
ইয়েমেনে গত শুক্রবার হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর ৫০ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ৪৫ জন সেনাসদস্যই সংযুক্ত আরব আমিরাতের। বাকি পাঁচজন বাহরাইনের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। খবর এএফপি ও বিবিসির।
ইয়েমেনে গত মার্চ মাস থেকে শিয়া হুতিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করার পর এই প্রথম এত বড় ক্ষতির মুখে পড়ল জোট বাহিনী। ইয়েমেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ মারিবে সেনা নিহতের ওই ঘটনা ঘটে।
আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাস জানান, বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অস্ত্রের গুদামে বিস্ফোরণ হলে সেনাসদস্যরা নিহত হন।
গারগাস তাঁর দপ্তরের টুইটারে দেওয়া বার্তায় এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যায়িত করেন। মন্ত্রী বলেন, ‘এই হামলা আমাদের নিবৃত্ত করতে পারবে না।’
সেনা নিহত হওয়ার পর তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত।
বাহরাইন সরকার বলেছে, ইয়েমেন-সংলগ্ন সৌদি আরবের সীমান্ত রক্ষায় থাকা তাদের পাঁচজন সেনাসদস্য নিহত হয়েছেন। তবে সেনাসদস্যরা কীভাবে মারা গেলেন তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি বাহরাইন। তবে জানা গেছে, আমিরাত ও বাহরাইনের সেনাসদস্যরা একই হামলায় নিহত হয়েছেন।
জাতিসংঘের হিসাবে গত মার্চ মাস থেকে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সাড়ে চার হাজার মানুষ নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ২ হাজার ১১০ জন বেসামরিক নাগরিক।