উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম দেশকে পাশে চায় রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উগ্রপন্থার বিরুদ্ধে মূল সংগ্রামে বিদেশি রাষ্ট্র, বিশেষ করে মুসলিম দেশগুলোকে পাশে চায় রাশিয়া। আর মূল সংগ্রাম অব্যাহত রাখতে বর্তমান পুতিন সরকার দৃঢ় সংকল্পবদ্ধ।

গতকাল বুধবার মস্কোর প্রেসিডেন্ট হোটেলে বাংলাদেশসহ এশিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পূর্ব ইউরোপের অর্ধশতাধিক জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর অংশগ্রহণে শুরু হওয়া দুই দিনের এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী পর্বে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বাগদানভ ওই মন্তব্য করেন।

বাগদানভ উগ্রপন্থার শিকার হওয়া মুসলিম দেশগুলোর কোথায়, কখন সরকার পরিবর্তন হবে, সে বিষয়ে ইঙ্গিত করে বলেন, এ ধরনের বিষয়ে রাশিয়া নিজেকে শামিল করতে চায় না। বরং মুসলিম বিশ্বে শান্তি ও সম্প্রীতির মনোভাব তৈরি করার জন্য পুতিন সরকার নিরলসভাবে কাজ করে যেতে চায়।
রাশিয়া ও মুসলিম বিশ্বের কৌশলগত রূপকল্প গ্রুপের সমন্বয়ক রাষ্ট্রদূত ভ্লাদিমির পাপভ তাঁর বক্তৃতায় বলেন, রাশিয়া সিরিয়ায় সামরিক অভিযানে অংশ নিয়েছে ঠিকই, কিন্তু রাশিয়া বিশ্বাস করে, সিরিয়া সংকটের কোনো সামরিক সমাধান হবে না। তাদের রাজনৈতিক সমস্যার সমাধান তাদের নাগরিকদেরই খুঁজে বের করতে হবে।

উল্লেখ্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটি অভিন্ন রাজনৈতিক মঞ্চ প্রতিষ্ঠার অংশ হিসেবে মস্কো গত বছর ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম দেশগুলোর সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংলাপের উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় শুধু মুসলিম দেশগুলোর সংবাদকর্মীদের নিয়ে উগ্রপন্থাবিরোধী দ্বিতীয় আন্তর্জাতিক মুসলিম মিডিয়া সম্মেলনের আয়োজন করা হলো।
সম্মেলনের প্রথম দিনে গতকাল বাংলাদেশ, মিসর, তুরস্ক, সুদান, সিরিয়ার সাংবাদিক প্রতিনিধিরা বক্তব্য দেন। রাশিয়া সরকারের পক্ষে সম্মেলনে ইসলামের প্রতি পুতিন সরকারের নেওয়া নানা ধরনের উদারনৈতিক ও সংস্কারমূলক পদক্ষেপ তুলে ধরা হয়। আজ সম্মেলনের শেষ দিনে মুসলিম দেশগুলোর সরকারগুলোর প্রতি সন্ত্রাসবাদ দমনে কার্যকর আইন প্রণয়নের তাগিদ দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানানোর দাবি-সংবলিত একটি ঘোষণা আসতে পারে।