উড়োজাহাজ দুর্ঘটনার ঠিক আগের ভিডিওতে আরোহীদের আর্তনাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির বিধ্বস্ত উড়োজাহাজটির ভেতরের দৃশ্য-সংবলিত একটি ভিডিওতে দুর্ঘটনার ঠিক আগের পরিস্থিতি দেখা যায় বলে দাবি করা হচ্ছে। এতে যাত্রীদের আর্তনাদ শুনে বোঝা যায়, তাঁরা সম্ভাব্য পরিণতি টের পেয়েছিলেন। ইউরোপের একাধিক সংবাদপত্র এ কথা জানিয়েছে। খবর এএফপির।
বহুল প্রচারিত জার্মান সংবাদপত্র বিল্ড এবং ফরাসি সাময়িকী পারি মাৎশ গত মঙ্গলবার লিখেছে, মুঠোফোনে ধারণ করা একটি ভিডিও দৃশ্য পাওয়া গেছে। তবে দৃশ্যটি এত বিশৃঙ্খল যে কাউকে শনাক্ত করা কঠিন। খবরে বলা হয়, এতে আতঙ্কিত যাত্রীদের আর্তনাদ শুনে মনে হয়, তাঁরা কী হতে যাচ্ছেন, তা বুঝতে পেরেছিলেন।
কথিত ওই ভিডিও পাওয়ার কথা অস্বীকার করেছে ফরাসি পুলিশ। ফ্রান্সের কৌঁসুলিরা বলেছেন, এ ধরনের ভিডিও পাওয়া গেলে সেটা অবশ্যই তাঁদের কাছে হস্তান্তর করা উচিত।
১৫০ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি গত ২৪ মার্চ আল্পস পর্বতমালায় বিধ্বস্ত হয়। পাইলট অ্যান্ড্রিয়াস লুবিৎস (২৭) ইচ্ছা করেই উড়োজাহাজটি পাহাড়ের চূড়ায় আছড়ে ফেলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।