উত্তর মেরু কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর মেরু কার? গত বছরের ডিসেম্বরে ডেনমার্ক উত্তর মেরুতে কর্তৃত্ব দাবি করায়, এ প্রশ্ন আবার নতুন করে উঠেছে। ডেনমার্ক হঠাৎ করে কেন উত্তর মেরুর ভাগ চাইল, এতে রাশিয়ার সঙ্গে মেরু অঞ্চলের দেশগুলোর কী সংকট দেখা দিতে পারে—এসব নিয়ে গত ডিসেম্বরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকোনমিস্ট সাময়িকী। 
‘দ্য আর্কটিক, ফ্রোজেন কনফ্লিক্ট’ শীর্ষক ওই প্রতিবেদনে জানানো হয়, রাশিয়া ২০০৭ সালে উত্তর মেরুতে অভিযান চালায়। উত্তর মেরুর শীতল জলের চার কিলোমিটার নিচে মির সাবমেরিনের মাধ্যমে প্লাটিনামে নির্মিত রাশিয়ার তিনরঙা পতাকাটি গেঁথে দেওয়া হয়। এরপর ওই অভিযানে অংশ নেওয়া রাশিয়ার অভিযাত্রী আরতুর চিলিনগারভ ঘোষণা করেন ‘উত্তর মেরু সব সময়ই রাশিয়ার’।
জাতিসংঘের সমুদ্রবিষয়ক সনদ (ইউএনসিএলওএস) অনুযায়ী, উত্তর সাগরের অন্তত নয় লাখ বর্গকিলোমিটার জায়গা গ্রিনল্যান্ডের (ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল) অধিকারে রয়েছে বলে দাবি করেছে ডেনমার্ক। এই সনদ অনুমোদনের ১০ বছরের মধ্যে দাবি করার নিয়ম। কিন্তু ২০০৪ সালের ১৬ ডিসেম্বর ডেনমার্কে তা পরিণত হয়েছে। সে​ই অনুযায়ী, দাবির মেয়াদ পূর্ণ হওয়ার ঠিক একদিন আগে গত ১৫ বছরের ডিসেম্বর ডেনমার্ক এমন দাবি করল।
ওই প্রতিবেদনের তথ্য, ডেনমার্কের এমন দাবি রাশিয়া ও কানাডার দাবির সঙ্গে সাংঘর্ষিক হবে। এ চুক্তি অনুযায়ী উত্তর মেরুতে দখল পেতে রাশিয়া ইতিমধ্যে অভিযোগ করেছে। মেরু অঞ্চলের মহীসোপান অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ পেতে চেষ্টা চালাচ্ছে কানাডা।
দেশগুলোর এ দাবির মূল কারণ মেরু অঞ্চলের খনিজ সম্পদের ওপর দখল পাওয়া। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সেই সম্ভাবনা আরও বেড়েছে। বিশ্বের অন্যান্য এলাকার তুলনায় মেরু অঞ্চলের তাপমাত্রা দ্বিগুণ হারে বাড়ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, উত্তর মেরুতে পৃথিবীর উত্তোলিত না হওয়া তেলের এক-অষ্টমাংশ এবং গ্যাসের এক-চতুর্থাংশের মজুত রয়েছে।
অনেকের ধারণা, সম্পদ নিয়ে এ প্রতিযোগিতা শান্তিপূর্ণ হবে। দুই বছর আগে নরওয়ের নৌবাহিনীর এক অ্যাডমিরাল বলেন, উত্তর মেরু সম্ভবত পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ অঞ্চল। ওই এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান অনেক ব্যয়বহুল হবে। বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়ায় অনেকেই এটি করতে চাইবে না। এতে দেশগুলোর মধ্যে ঝুঁকি ও ব্যয়ের চেয়ে সহযোগিতার দ্বার উন্মোচিত হতে পারে।
গ্রীষ্মে উত্তর মেরুর বরফ গলে যাওয়ায় এশিয়া ও ইউরোপের মধ্যে যোগাযোগের জন্য চলাচলের পথ উন্মুক্ত হয়। গত গ্রীষ্মে ওই পথে ৭১টি জাহাজ চলাচল করেছে। কিন্তু ২০১২ সালে চলেছিল ৪৬টি। আনক্লোসের নিয়মানুযায়ী, কোনো দেশের অর্থনৈতিক সীমানা হবে ২০০ নটিক্যাল মাইল। এ সীমার মধ্যে থাকা খনিজ সম্পদের মালিক ওই দেশ। এমন নিয়ম থাকায় সংঘাত কমিয়ে দেশগুলো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সমাধানের পথে হাঁটতে পারে।
এর মানে এটাও নয়, মেরুর দখলে রাশিয়া যুদ্ধে যেতে আগ্রহী নয়। এটি সর্বশেষ উপায় হিসেবে বিবেচিত হবে। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর প্রথমবারের মতো এই গ্রীষ্মে রাশিয়া উত্তর মেরুতে সামরিক মহড়া চালিয়েছে। সেখানকার সোভিয়েত ঘাঁটিকে পুনরায় সজ্জিত করেছে। এ ছাড়া গত জুলাই মাসে উত্তর মেরুর রকেটঘাঁটি থেকে নতুন প্রজন্মের রকেট আনগারার পরীক্ষা চালিয়েছে। এদিকে জলসীমায় ঢুকে পড়া রাশিয়ার সাবমেরিনের সন্ধান চালিয়েছে সুইডেন।